ইয়েমেনে বিমান বিধ্বস্ত হয়ে আমিরাতের দুই পাইলটের মৃত্যু
ইয়েমেনে হুতি বিদ্রোহীদের বিমান হামলা চালানোর সময় সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই)দুই পাইলট মারা গেছেন।
সৌদি জোটের্ বরাতে বিবিসি বলছে, বিমানটি যান্ত্রিক ত্রুটির কারণে বিধ্বস্ত হয়েছে।
সৌদি জোটে অংশ নিয়ে ইয়েমেনের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আবদুরাব্বু মনসুর হাদির সমর্থনে ইউএই ২০১৫ সালের মার্চ থেকে দেশটিতে বিমান হামলা চালিয়ে আসছে।
এরপর এই প্রথমবারের মতো আরব আমিরাতের কোনো বিমান বিধ্বস্তের ঘটনা ঘটল।
ইয়েমেনে সহিংসতায় এ পর্যন্ত প্রায় ৬ হাজার মানুষ নিহত হয়েছেন। নিহতদের প্রায় অর্ধেকই বেসামরিক সাধারণ মানুষ বলে জাতিসংঘ দাবি করেছে।
স্থানীয় কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দেশটির দক্ষিণাঞ্চলীয় এডেন শহরের কাছে পার্বত্য অঞ্চলে বিমানটি বিধ্বস্ত হয়েছে।
ইউএই বিমান বাহিনী এফ-১৬ এবং মিরেজ ২০০০ উভয় ধরনের যুদ্ধবিমান ব্যবহার করে।
বেসামরিক সাধারণ মানুষ হতাহতের কারণে জাতিসংঘ সৌদি নেতৃত্বাধীন জোট এবং হুতি বিদ্রোহী উভয়পক্ষের কঠোর সমালোচনা করেছে।
