থাইল্যান্ডে রাসায়নিক দুর্ঘটনায় নিহত ৮
থাইল্যান্ডের প্রধান একটি ব্যাংকের সদরদপ্তরে দুর্ঘটনাবশত অগ্নি নির্বাপক যন্ত্রের রাসায়নিক পদার্থ বের হয়ে ৮ জন নিহত এবং ৭ জন আহত হয়েছে।
বিবিসি জানায়, ঠিকাদাররা রোববার রাতে ভবনটির অগ্নি নির্বাপক যন্ত্রগুলোর মানোন্নয়নের কাজ করার সময় দুর্ঘটনাবশত পাইরোজেন গ্যাস ছড়িয়ে পড়ে বাতাসে থাকা অক্সিজেনের মাত্রা দ্রুত কমে যায়। ফলে দম বন্ধ হয়ে মানুষের মৃত্যু হয় বলে সোমবার ব্যাংক কর্মকর্তারা জানিয়েছেন।
দেশের সবচেয়ে পুরোনো আর্থিক প্রতিষ্ঠান সিয়াম কমার্শিয়াল ব্যাংকের (এসসিবি) বেজমেন্টে এ দুর্ঘটনা ঘটে।
ব্যাংক জানিয়েছে, ঘটনাটির প্রাথমিক পুলিশী তদন্তে ঠিকাদারদের গাফিলতির কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে। কর্তব্যে অবহেলার কারণে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করতে কর্তৃপক্ষ প্রস্তুত বলে জানিয়েছেন ব্যাংকক মেট্রোপলিটন পুলিশ কমিশনার শনিত মহাথায়ম।
তবে ঘটনাস্থলে আসলেই কি ঘটেছিল তা জানতে ফরেনসিক পুলিশ তদন্ত চালিয়ে যাবে বলে জানান তিনি।
