লন্ডন সফর করবেন ওবামা
ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) থেকে যাওয়ার পক্ষে ভোট দিতে যুক্তরাজ্যের জনগণকে আহ্বান জানাতে এপ্রিলে লন্ডন সফরে যেতে পারেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।
‘দ্য ইনডিপেনডেন্ট’ তাদের রোববারের সংস্ককরণে এ খবর প্রকাশ করেছে।
ইউরোপীয় ইউনিয়নে থাকা বা না থাকা নিয়ে জুনে যুক্তরাজ্যে গণভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এর আগেও ওবামা যুক্তরাজ্যের ইইউ’য়ে থেকে যাওয়ার পক্ষে নিজের সমর্থন জানিয়েছিলেন। জার্মানির একটি প্রযুক্তি মেলায় যোগ দিতে এপ্রিলের শেষ দিকে সেখানে যাবেন ওবামা।
পরিচয় প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তার বরাত দিয়ে খবরে বলা হয়, ওই সময় লন্ডনও সফর করবেন ওবামা।
“যদি তিনি (ওবামা) ভোটারদের ইইউ য়ে যুক্তরাজ্যের থেকে যাওয়ার আহ্বান না জানান তবে সেটি অবাক করা বিষয় হবে।”
রয়টার্সের পক্ষ থেকে এ বিষয়ে কথা বলার জন্য হোয়াইট হাউজে যোগাযোগ করা হলে কর্তৃপক্ষ কোনও মন্তব্য করতে রাজি হয়নি।
আর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ক্যামেরনের কার্যালয়ও এখনই এ বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি।
