চীনকে বিশ্বাস করে না ৮৩% জাপানি
কিছুতেই চীনের প্রতি বিশ্বাসের পাল্লা বাড়াতে পারছে না প্রতিবেশী দেশ জাপান। দেশটির সরকারি এক জরিপে ৮৩ দশমিক ২ শতাংশ জাপানি চীনকে বন্ধু হিসেবে মনে করে না বলে উঠে এসেছে।
শনিবার মন্ত্রীপরিষদের মুখ্য সচিব ইয়াশিদা সুগা সাংবাদিকদের এক জরিপের এ তথ্য দেন।
সুগা বলেন, প্রায় দুই বছর আগে করা ২০১৪ সালের জরিপে চীনের প্রতি ৮৩ দশমিক ১ শতাংশ জাপানি বিশ্বাস হারিয়েছিল। নতুন এই জরিপে জরিপে তা একটু বেড়ে দাঁড়িয়েছে ৮৩ দশমিক ২ শতাংশ।
কেবল মাত্র ১৪ দশমিক ৮ ভাগ জাপানি চীনকে বন্ধু ভাবে। এইসব জাপানির মধ্য কিছু আদি চীনা নাগরিকও রয়েছে।
তবে শুভ ব্যাপার হল, সরকারের এ জরিপে দক্ষিণ কোরিয়ার প্রতি জাপানিদের আস্থা কিছুটা বেড়েছে। তথ্য অনুযায়ী, দক্ষিণ কোরিয়াকে ৩৩ শতাংশ জাপানি তাদেরকে বন্ধু ভাবতে শুরু করেছে যা আগের জরিপের চেয়ে ১ দশমিক ৫ শতাংশ বেশি।
সাম্প্রতিক সময়ে দক্ষিণ কোরিয়ার সঙ্গে জাপানের যৌনদাসী চুক্তির পরিপ্রেক্ষিতে আস্থার পারদ কিছুটা চড়েছে বলে মনে করা হচ্ছে।
অপরদিকে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর চীনের একরোখা মনভাবের কারণে দেশটির সঙ্গে সম্পর্কে অবনতি ঘটে।
চীন হরহামেশা জাপান সাগরে যুদ্ধ জাহাজের টহল বসিয়ে উত্তেজনা তৈরি করে। যদিও দেশটির অনেক পণ্য জাপানের বাজার সয়লাব করেছে এরপরও চীনের প্রতি বিশ্বাসের ভিত্তি মজবুত করতে পারছে না নাগরিকরা।
