আল্পসে ধস, ৬ স্কিচালক নিহত
ইতালির আল্পস পর্বতে বড় আকারের ধসে ছয় স্কিচালকের মৃত্যু হয়েছে। গত কয়েক বছরের মধ্যে ওই অঞ্চলে এটাই সবচেয়ে মারাত্মক তুষার ধসের ঘটনা।
ফায়ার ডিপার্টমেন্টের মুখপাত্র বলেন, এখন পর্যন্ত ছয়টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সেগুলোর মধ্যে চারটি ইতালির নাগরিকদের। বাকি দুইটি মৃতদেহের পরিচয় এখনও সনাক্ত করা সম্ভব হয়নি।
এছাড়া আহত অস্ট্রিয়ান এক নারীকে ব্রুনিকো শহরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনটি হেলিকপ্টার, প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর ও ৭০ জনরে বেশি উদ্ধারকর্মী ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে।
দুইজনকে অক্ষত অবস্থায় তারা উদ্ধার করতে সক্ষম হয়েছে। এখনও উদ্ধার কাজ চলছে বলেও জানান ওই মুখপাত্র।
“সেখানে (স্কিচালকদের)কয়েকটি দল ছিল বলে আমরা জানতে পেরেছি। এ কারণে এখনও আমরা তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছি।”
শনিবার অস্ট্রিয়া সীমান্তবর্তী সাউথ টিরোলের মন্টে নেভোসোর উপর প্রায় তিন হাজার মিটারের বেশি এলাকা জুড়ে এই ধস নামে।
স্থানীয় পুলিশ কর্মকর্তা জানান, স্কিচালকরা পর্বতের চূড়ায় আরোহণের পর নীচের নামার পরিকল্পনা করছিল। ওই সময়ই ধস নামে।
ধসের প্রকৃত কারণ এখনও জানা যায়নি।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এএনএসএ’র প্রতিবেদনে বলা হয়, যে এলাকায় ধস নেমেছে সেখানে ধসের আশঙ্কায় তিন মাত্রার সতর্কতা জারি করা হয়েছিল।
পাঁচ মাত্রার সতর্কতাকে বড় ধরণের ঝুঁকি বলে বিবেচনা করা হয়।
