ধর্ষণ যখন ‘পুরস্কার’
দক্ষিণ সুদানের একটি মিলিশিয়া বাহিনীকে বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধে সরকারি বাহিনীকে সহযোগিতার ‘পুরস্কার’ হিসেবে ধর্ষণের অনুমতি দেয়া হয়েছে বলে জাতিসংঘের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে।
দেশটির সেনাবাহিনীর ওই মিলিশিয়া বাহিনীকে ‘বেতন’ এর পরিবর্তে এই ‘পুরস্কার’ দিচ্ছে বলে প্রতিবেদনটির বরাতে বিবিসি জানিয়েছে।
মিলিশিয়ারা সাধারণ মানুষের সম্পত্তি দখল করছে এবং গবাদিপশু নিয়ে যাচ্ছে বলেও জাতিসংঘের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
দেশটির সেনাবাহিনী তাদের মিত্র মিলিশিয়া বাহিনীর সঙ্গে ‘যা ইচ্ছা করো এবং যা ইচ্ছা নিয়ে নাও’ চুক্তির কারণে গেল বছর দেশটির একটি রাজ্যেই অন্ততপক্ষে ১৩শ’ নারী ধর্ষণের শিকার হয়েছেন বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।
ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, মিলিশিয়ার পাশাপাশি সেনাবাহিনীও বেসামরিক নাগরিক হত্যা ও ধর্ষণের মত অপরাধে লিপ্ত।
দক্ষিণ সুদানের প্রেসিডেন্ট সালভা কির। ছবি: রয়টার্স
তিনি বলেন, সরকারের হয়ে লড়ছে এমন কোনো মিলিশিয়া বাহিনী নেই।
ওই প্রতিবেদনে সরকারবিরোধী উপাদান রয়েছে অভিযোগ করে আতেং বলেন, “দক্ষিণ সুদানি সেনারা কেবল উর্দি পরা বিদ্রোহীদের বিরুদ্ধেই লড়ছে, বেসামরিক ব্যক্তিদের বিরুদ্ধে না।”
অন্য এক প্রতিবেদনে দক্ষিণ সুদানের সরকারি বাহিনীর বিরুদ্ধে ৬০ জনকে ‘শ্বাসরোধে’ হত্যার অভিযোগ এনেছে মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
গেল বছর অক্টোবরে একটি জাহাজের কন্টেইনারের ভেতরে ওই ৬০ জনকে মেরে ফেলে তাদের লাশ একটি মাঠের মধ্যে গুম করে ফেলা হয় বলে সংগঠনটির অভিযোগ।
২০১৩ সালে প্রেসিডেন্ট কির তার ডেপুটি রিক মাচারকে ‘অভ্যুত্থান ঘটানোর চেষ্টা’র অভিযোগে বরখাস্ত করার পর দেশটিতে গৃহযুদ্ধ শুরু হয়। এতে অন্তত ১০ হাজার নিহত এবং ২০ লাখ উদ্বাস্তু হয়েছে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।
গৃহযুদ্ধের কারণে ‘দেশটিতে নিষেধাজ্ঞা আরোপ করা হবে’ এমন হুমকি দিয়ে গেল বছর দু’পক্ষের মধ্যে একটি শান্তিচুক্তি করে জাতিসংঘ। তবে চুক্তির পরও গৃহযুদ্ধ থামে নি, দেখা মিলছে না অন্তবর্তী কিংবা জাতীয় ঐক্যের সরকার গঠনে কোনো তৎপরতাও।
