২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হিজবুল্লাহকে ‘সন্ত্রাসী’ সংগঠন ঘোষণা আরব লিগের    

পারস্য উপসাগরীয় আরব দেশগুলোর ঘোষণার এক সপ্তাহ পর আরব লিগও লেবাননের সশস্ত্র শিয়া রাজনৈতিক দল হিজবুল্লাহকে ‘সন্ত্রাসী’ সংগঠন ঘোষণা করেছে। 

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2016, 01:39 PM

Updated : 12 Apr 2022, 01:36 AM

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, সিদ্ধান্তটি প্রায় সর্বসম্মতভাবে নেওয়া হয়েছে বলে সুন্নি মুসলিম দেশগুলোর কর্তৃত্বাধীন আরব লিগ জানিয়েছে।

লেবাননের একটি প্রধান রাজনৈতিক ও সামরিক শক্তি হিজবুল্লাহ, সিরিয়ার গৃহযুদ্ধে দেশটির সরকারের পক্ষ হয়ে লড়াই করছে। প্রেসিডেন্ট আসাদের পক্ষে হিজবুল্লাহর সমর্থন বিদ্রোহীদের সমর্থনকারী পারস্য উপসাগরীয় আরব দেশগুলোকে ঝামেলায় ফেলে দিয়েছে। 

সৌদি নেতৃত্বাধীন গালফ কো-অপারেশন কাউন্সিলের (জিসিসি) সিদ্ধান্তের প্রভাবে আরব লিগের নেওয়া এই সিদ্ধান্তে হিজবুল্লাহর উপর চাপ বাড়বে বলে জানিয়েছেন বিবিসির মধ্যপ্রাচ্য প্রতিনিধি। 
 
আরব লিগের এই সিদ্ধান্তে এটি পরিষ্কার হয়েছে যে, ২২ দেশের জোট আরব লিগ দৃঢ় সমর্থন নিয়ে সৌদি আরব ও জিসিসির ছয়টি দেশের সঙ্গে আছে।

হিজবুল্লাহর প্রধান পৃষ্ঠপোষক ইরানের সঙ্গে সৌদি আরব প্রকাশ্যে বিবাদে জড়িয়ে পড়ার পর থেকে সম্প্রতি দেশটির সঙ্গে হিজবুল্লাহর উত্তেজনাও তীব্র হয়েছে। 

মিশরের রাজধানী কায়রোতে আরব লিগের সদস্যদেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের এক বৈঠকে হিজবুল্লাহর বিষয়ে সিদ্ধান্তটি নেওয়া হয়। 

আরব লিগের ২২টি সদস্য রাষ্ট্রের মধ্যে শুধু ইরাক ও লেবানন সিদ্ধান্তটি সমর্থন করেনি। এ বিষয়ে নিজেদের ‘সীমাবদ্ধতার’ কথা বিবৃতির মাধ্যমে জানিয়েছে দেশ দুটি। 

হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠন ঘোষণার মাধ্যমে আরব লিগ ও জিসিসি যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পাশে এসে দাঁড়ালো। তবে শেষ পক্ষদুটি হিজবুল্লাহর শুধু সামরিক শাখাকে কালো তালিকাভুক্ত করেছে।