২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রিটেন ইইউয়ে থাকার পক্ষে ভোট দেবে: ব্লেয়ার

সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার বলেছেন, আগামী ২৩ জুনের গণভোটে জনগণ ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) যুক্তরাজ্যের থাকার পক্ষে ভোট দেবে বলেই মনে করছেন তিনি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2016, 08:36 PM

Updated : 12 Apr 2022, 01:36 AM

তবে তারপরও নিজেদের পক্ষে প্রচারণায় ইউরোপ-পন্থিদের এ ব্যাপারে আরও আনুকুল্য দেখানোর আহ্বান জানিয়েছেন ব্লেয়ার।

১৯৯৯ সাল থেকে ২০০৭ সাল পর্যন্ত লেবার প্রধানমন্ত্রী হিসাবে যুক্তরাজ্যের দায়িত্ব পালন করা ব্লেয়ার শুক্রবার বলেন, ইইউ’য়ে যুক্তরাজ্যের থাকা না থাকার প্রশ্নে ওই গণভোটের ফল কি হবে তা নিয়ে তিনি উদ্বিগ্ন।

বিশ্বের বৃহত্তর এ বাণিজ্যিক ব্লকটি ত্যাগ করলে ব্রিটেনকে অনির্দিষ্টকালের জন্য অনিশ্চয়তায় পড়তে হবে বলে সতর্ক করেন তিনি।

বিবিসি বেতারকে ব্লেয়ার বলেন, “এ ধরনের গণভোট কাম্য হতে পারে না। বিশেষ করে যখন বিরোধী পক্ষ সুবিধাজনক অবস্থানে আছে এবং (তারা) বিষয়টি নিয়ে উদ্বিগ্ন নয়। তাই আমি বিষয়টি নিয়ে উদ্বিগ্ন। যদিও আমার বিশ্বাস, শেষ পর্যন্ত জনগণ থেকে যাওয়ার পক্ষেই রায় দেবে।”

বর্তমান প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনও ইইউ’য়ে যুক্তরাজ্যের থেকে যাওয়ার পক্ষে।

কিন্তু মতামত জরিপগুলোতে দেখা যাচ্ছে গণভোট নিয়ে যুক্তরাজ্যের জনগণ দুই ভাগ হয়ে গেছে এবং এখনও ভোটারদের বড় একটি অংশ সিদ্ধান্ত নিতে পারেনি।

ব্লেয়ার বলেন, “আমি দেখতে চাই ইইউ-পন্থিরা আরেকটু আনুকুল্য, প্রাণশক্তি, অধ্যাবসায় নিয়ে বাইরে বেরিয়ে আসবে এবং আমরা যা বিশ্বাস করি তার পক্ষে দাঁড়াবে। আমাদের বিশ্বাস, এটি শুধু অর্থনৈতিক বাস্তবতার বিষয় নয় বরং এটি রাজনৈতিক আদর্শবাদেরও বিষয়।”

“যদি আপনি মুদ্রা বাজারের গতিবিধি লক্ষ্য করেন তবে নিশ্চিতভাবে একটা বিষয় দেখতে পাবেন, যদি আপনি (ইইউ থেকে) বেরিয়ে যাওয়ার পক্ষে ভোট দেন তবে আপনাকে অনির্দিষ্টকালের জন্য অনিশ্চয়তার মধ্যে পড়তে হবে।”