বুকারের দীর্ঘ তালিকায় ছদ্মনামের লেখক
সম্মানজনক সাহিত্য পুরস্কার ম্যান বুকারের ২০১৬ সালের দীর্ঘ তালিকায় ছদ্মনামে লিখে যাওয়া একজন ‘বেস্ট সেলার’ ঔপন্যাসিকের একটি ফিকশন স্থান পেয়েছে।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, ইতালির এলেনা ফেরান্তে নামের ওই লেখকের ‘দ্য স্টোরি অব দ্য লস্ট চাইল্ড’ উপন্যাসটি বুকারের দীর্ঘ তালিকায় রয়েছে।
ফেরান্তে ছাড়াও আরও ১২ লেখকের লেখা উপন্যাস তালিকায় রয়েছে। এদের মাঝে ২০০৬ সালে সাহিত্যে নোবেল পুরস্কারজয়ী তুর্কি লেখক ওরহান পামুকও রয়েছেন।
চলতি বছরের ১৪ এপ্রিল ছয়টি বইয়ের একটি সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হবে। এরপর ১৬ মে ভিক্টোরিয়া অ্যান্ড অ্যালবার্ট মিউজিয়ামে এক নৈশভোজে পুরস্কারজয়ী উপন্যাসের নাম ঘোষণা করা হবে।
৫০ হাজার পাউন্ড মূল্যমানের বুকার পুরস্কার যে উপন্যাসটি অর্জন করবে তার লেখক ও অনুবাদকের মাঝে এই অর্থ সমান ভাগে ভাগ করে দেওয়া হবে।
বুকারের দীর্ঘ তালিকায় থাকা ফেরান্তে সম্পর্কে বলা হয়েছে, “এলেনা ফেরান্তে নেপলসে জন্মগ্রহণ করেছেন। আমরা তার সম্পর্কে এতটুকুই জানি। তিনি দৃঢ়ভাবে লোকচক্ষুর অন্তরালেই অবস্থান করছেন।”
২০০৬ সালে সাহিত্যে নোবেলজয়ী তুর্কি লেখক ওরহান পামুকও বুকারের দীর্ঘ তালিকায় রয়েছেন। ছবি: রয়টার্স
তবে ছন্মনামে অজ্ঞাতবাসে থাকলেও তাতে তার জনপ্রিয়তায় ঘাটতি হয়নি। বিশাল পাঠকগোষ্ঠী রয়েছে এই লেখকের।
বুকারের তালিকায় স্থান পাওয়া উপন্যাসটি তার একটি সিরিজ উপন্যাসের চতুর্থ ও সর্বশেষ খণ্ড।
তার লেখা উপন্যাস ৩৯ টি দেশে প্রকাশিত হয়েছে। বিশ্বব্যাপী ২০ লাখেরও বেশি কপি বিক্রি হয়েছে তার উপন্যাস।
