প্রেসিডেন্ট প্রার্থিতা থেকে সরে দাঁড়ালেন ব্লুমবার্গ
স্বতন্ত্র প্রেসিডেন্ট প্রার্থী হলে রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প বা টেড ক্রুজের জয়ের সম্ভাবনা বেড়ে যেতে পারে আশঙ্কায় প্রার্থিতা থেকে সরে দাঁড়িয়েছেন নিউ ইয়র্ক শহরের সাবেক মেয়র মাইকেল ব্লুমবার্গ।
সোমবার তিনি প্রার্থিতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।
চলতি বছরের ৮ নভেম্বর যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন। সম্প্রতি এই নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার কথা বিবেচনা করছিলেন ৭৪ বছর বয়সী ব্লুমবার্গ।
ব্লুমবার্গ নিউজ সংস্থার এই সত্ত্বাধিকারী রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্রেট বার্নি স্যান্ডার্সের অপ্রচলিত ও প্রায় মারমুখী প্রচারণার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
সোমবার নিজের ওয়েবসাইটে প্রকাশ করা এক নিবন্ধে তিনি তার সিদ্ধান্তের পেছনের কারণগুলো তুলে ধরেছেন।
‘যে ঝুঁকি আমি গ্রহণ করবো না’ শীর্ষক ওই নিবন্ধে তিনি বলেন, তৃতীয় পক্ষ হিসেবে তার প্রার্থিতার কারণে ভোট তিনভাগে বিভক্ত হয়ে যাবে। এতে জনপ্রিয় ভোটে কোনো একজন প্রার্থী পরিষ্কার জয় না পেলে এমন পরিস্থিতি তৈরি হতে পারে যেখানে যুক্তরাষ্ট্র কংগ্রেস প্রার্থীদের মধ্যে একজনকে প্রেসিডেন্ট হিসেবে বেছে নিতে পারেন।
তিনি বলেন, “কংগ্রেসের উভয় কক্ষে রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠতার পাশাপাশি মনোনয়ন দৌড় এখন যে পর্যায়ে রয়েছে, সেখানে আমার প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচনটি ডোনাল্ড ট্রাম্প বা সিনেটর টেড ক্রুজের নির্বাচন হয়ে যেতে পারে।
“সুবিবেচনা থেকে এমন একটি ঝুঁকি আমি গ্রহণ করতে পারি না।”-বলেন ব্লুমবার্গ।
