২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাশিয়ায় এখন ‘ঈশ্বর নেই’ বলায় জেলের মুখে

‘ঈশ্বর আছে’ বললে যে দেশটিতে এক সময় অস্বাভাবিক দৃষ্টিতে দেখা হত, সেই রাশিয়ায় ‘ঈশ্বর নেই’ বলায় জেলে যেতে হচ্ছে এক ব্যক্তিকে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2016, 12:07 AM

Updated : 20 Aug 2022, 12:02 PM

বিশ্বাসীদের অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে ভিক্টর ক্রাসনভ নামে ওই ব্যক্তির বিচার শুরুর কথা বৃহস্পতিবার জানিয়েছে বিবিসি।

তার বিরুদ্ধে অভিযোগ, সোস্যাল নেটওয়ার্কিং ওয়েবসাইট ‘ভিকনটাক্টে’ ‘ঈশ্বর বলে কিছু নেই’ লিখেছিলেন। তিনি আরও লিখেছিলেন, ‘বাইবেল কল্পকাহিনী ছাড়া আর কিছুই নয়’।

এই দুই বক্তব্য ধরে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ প্রমাণিত হলে তাকে এক বছর জেল খাটতে হবে। সেই সঙ্গে জরিমানা ও বাধ্যতামূলক শ্রমের শাস্তিও হতে পারে।

গত বছর ক্রাসনভের অনলাইন চ্যাট দেখে দুই তরুণ তা পুলিশকে জানানোর পর তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়।

Image
পুঁজিবাদী রাশিয়ায় এখন চার্চের প্রভাব অনেক

পুঁজিবাদী রাশিয়ায় এখন চার্চের প্রভাব অনেক

সমাজতান্ত্রিক রাষ্ট্র থেকে পুঁজিবাদী পথে আসা রাশিয়ায় ২০১৩ সালে ‘পুসি রায়ট’র পর ধর্মীয় অনুভূতিতে আঘাত অপরাধ হিসেবে গণ্য হচ্ছে।

বস্তুবাদী সমাজতন্ত্রের দর্শনে ঈশ্বরের অস্তিত্ব শুধু মানুষের কল্পনায় উপস্থিত বলে মনে করা হয়।

১৯১৭ সালে রুশ বিপ্লবের পর বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ ঘটেছিল রাশিয়ার। তবে দুই যুগ আগে ভেঙে যায় সেই সমাজতান্ত্রিক সোভিয়েত ইউনিয়ন।