উত্তর কোরিয়ায় এবার নিষেধাজ্ঞা দেবে ইইউ
পরমাণু কর্মসূচিকে ঘিরে উত্তর কোরিয়ার ওপর নতুন করে কঠোর জাতিসংঘ নিষেধাজ্ঞার পর এবার দেশটির বিরুদ্ধে অতিরিক্ত আরও নিষেধাজ্ঞা আরোপের কথা ভাবছে ইউরোপীয় ইউনিয়ন(ইইউ)।
প্রধান দুই বাণিজ্যিক অংশীদার দক্ষিণ কোরিয়া এবং জাপানের সঙ্গে একাত্মতা প্রকাশ করতে ইইউ এ পদক্ষেপ নেওয়ার কথা চিন্তা-ভাবনা করছে বলে জানিয়েছেন কূটনীতিকরা।
ইইউ বৈদেশিক নীতি বিষয়ক প্রধান ফেডেরিকা মঘারিনি বুধবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে উত্তর কোরিয়ার ওপর নিষেধাজ্ঞা সম্প্রসারণের প্রস্তাব ভোটে অনুমোদনের পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন।
উত্তর কোরিয়ার ওপর বাড়তি নিষেধাজ্ঞার বিষয়ে সর্বশেষ আলোচনা নিয়ে লিখিত একটি কূটনৈতিক বার্তায় বলা হয়েছে, “জাতিসংঘের নেওয়া নতুন পদক্ষেপের সহায়ক হিসাবে এবং একে আরও বেগবান করতে ইউরোপীয় ইউনিয়নেরও স্বাধীনভাবে আরও অতিরিক্ত অবরোধমূলক পদক্ষেপ নেওয়ার আছে।”
জার্মানি, ফ্রান্স, স্পেন এবং পোল্যান্ড উত্তর কোরিয়ার অর্থ ও ইন্সুরেন্সের মতো ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ চায়।সেইসঙ্গে আরও উত্তর কোরীয়র সম্পদ জব্দ করতেও তারা আগ্রহী।
ইইউ এর সাতটি সদস্য রাষ্ট্রের মধ্যে জার্মানির দূতাবাস আছে পিয়ংইয়ংয়ে। ফলে উত্তর কোরীয় দূতদের অ-কূটনৈতিক কার্যকলাপও জার্মানি নজরদারিতে রাখতে চায় বলে জানিয়েছেন কূটনীতিকরা।
ইউরোপ ছাড়াও আরও দূরে নেটো এবং ইইউ এর এশীয় বাণিজ্য অংশীদার দেশগুলোর জন্যও উত্তর কোরিয়া সাম্প্রতিক দিনগুলোতে মাথাব্যথার কারণ হয়ে উঠেছে।
জাতিসংঘের বিরাজমান নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে ৬ জানুয়ারি পরমাণু বোমার পরীক্ষা ও ৭ ফেব্রুয়ারি রকেট উৎক্ষেপণ করে উত্তর কোরিয়া। রকেট উৎক্ষেপণে দেশটি নিষিদ্ধ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের প্রযুক্তি ব্যবহার করেছে বলে অভিযোগ যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলোর।
সব অভিযোগ বিবেচনায় নিয়েই বুধবারের প্রস্তাবে উত্তর কোরিয়ায় বিরাজমান নিষেধাজ্ঞার আওতা বাড়িয়েছে জাতিসংঘ।
দেশটির ওপর আরও বাড়তি নিষেধাজ্ঞা আরোপ সংক্রান্ত আলোচনায় জড়িত এক ইইউ কূটনীতিক বলেছেন, “উত্তর কোরিয়ার আগ্রাসনের সরাসরি হুমকির মুখে থাকা আমাদের মিত্রদেশ দক্ষিণ কোরিয়া এবং জাপানের সমর্থনেই এ পদক্ষেপ নেওয়া হচ্ছে।”
উত্তর কোরিয়ার আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের আওতার মধ্যে থাকা জাপান এবং দক্ষিণ কোরিয়া দুই দেশেরই পররাষ্ট্রমন্ত্রীরা সম্প্রতি ইইউ এর বৈদেশিক নীতি বিষয়ক প্রধান ফেডেরিকা মঘারিনিকে ফোন করে পিয়ংইয়ংয়ের ওপর সর্বচ্চো চাপ সৃষ্টির আহ্বান জানান।
