২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পুতিনকে দায়ী করলেন শিশুর মাথা কাটা সেই নারী

মস্কোয় নিজের তত্ত্বাবধানে থাকা এক শিশু খুনের অভিযোগে গ্রেপ্তার সেই উজবেক নারী সিরিয়ায় মুসলিমদের ওপর রাশিয়ার বিমান হামলার প্রতিশোধ নিতে এ কাণ্ড ঘটান বলে জানিয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2016, 08:17 PM

Updated : 25 Jul 2022, 09:21 PM

বৃহস্পতিবার অনলাইনে প্রকাশিত একটি ভিডিও ফুটেজে ৩৮ বছর বয়সী গুলচেখরা বোবোকুলোভা প্রথম ঘটনাটির ব্যাখ্যা দেন।রাষ্ট্রীয় টিভি চ্যানেলগুলো বিষয়টি রিপোর্ট করেনি।

ক্যামেরার পেছন থেকে কারও করা প্রশ্নের উত্তরে ঘটনাটি ব্যাখ্যা করে বোবোকুলোভা বলেন, “আমি তাদের বিরুদ্ধে প্রতিশোধ নিয়েছি যারা রক্তক্ষয় করেছে। পুতিন (রাশিয়ার প্রেসিডেন্ট) রক্তক্ষয় করেছেন। বিমান বোমা হামলা চালিয়েছে। মুসলিমদেরকে কেন মারা হচ্ছে? তারাও বাঁচতে চায়।”

ভিডিওটি কখন ধারণ করা হয়েছে তা পরিস্কার জানা যায়নি।তবে বোবোকুলোভাকে বুধবার আদালতে হাজিরের সময় যে পোশাকে দেখা গেছে এখানেও ছিল সেই একই পোশাক।

বুধবার  ‘আল্লাহ তাকে শিশুটির মাথা কাটার আদেশ দিয়েছেন’ বলে দাবি করেছিলেন বোবাকুলোভা। ওই একই ভিডিও তে তিনি সিরিয়া যেতে চাওয়া এবং সেখানে যাওয়ার জন্য  যথেষ্ট টাকাপয়সা ছিল না বলেও জানান।

রাশিয়ার তদন্ত কমিটির কাছ থেকে এ ব্যাপারে তাৎক্ষণিক কোনও মন্তব্য পাওয়া যায়নি।

গতবছর ৩০ সেপ্টেম্বর থেকে ক্রেমলিন সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল আসাদের সমর্থনে বিমান হামলা শুরু করেছে।রাশিয়ার এ হস্তক্ষেপে দেশটিতে সংঘর্ষ নতুন মোড় নেয়।

সিরিয়ায় রাশিয়ার বিমান হামলার প্রতিশোধ নিয়ে ইসলামিক স্টেট (আইএস)৩১ অক্টোবরে মিশরের আকাশে ২২৪ জন যাত্রীবাহী একটি রুশ বিমান গুলি করে ভূপাতিত করে।

ওদিকে, মস্কোয় শিশু হত্যার সঙ্গে বোবোকুলোভা ছাড়া এখনও পর্যন্ত আর কারও জড়িত থাকার কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে আদালতকে জানিয়েছেন এক তদন্তকারী।

গত সোমবার আয়ার কাজ করা ওই নারীকে একটি শিশুর খণ্ডিত মস্তকসহ মস্কোর একটি মেট্রো রেল স্টেশনের সামনে থেকে গ্রেপ্তার করে পুলিশ। ওই সময় শিশুর খণ্ডিত মাথাটি সবাইকে দেখাচ্ছিল সে, তার একাজে ঘটনাস্থলে ইসলামপন্থি সন্ত্রাসী হামলার আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বোবোকুলোভা মানসিক অসুস্থতায় ভুগছেন বলে প্রাথমিকভাবে জানান রুশ কর্মকর্তারা।

নিহত মেয়ে শিশুটির বয়স দুই বা তিন বছর।মস্কোর উত্তর-পশ্চিমাঞ্চলের একটি আগুনে পুড়ে যাওয়া ফ্ল্যাট থেকে শিশুটির মাথাবিহীন পোড়া দেহ উদ্ধারের পর তদন্ত শুরু হয়।