২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পঁচিশ সেকেন্ডেই ট্রেনের সব টিকিট বিক্রি!

জাপানের ব্যস্ততম রাজধানী টোকিও থেকে উত্তর-পশ্চিমের প্রদেশ হোক্কাইডোর সাপ্পারোতে সরাসরি দ্রুতগামী শিনকানসেন ট্রেন চালুর ঘোষণা সপ্তাহ দু’য়েক আগে এসেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

এস এম নাদিম মাহমুদ, জাপান থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2016, 03:59 PM

Updated : 12 Apr 2022, 01:31 AM

আগামী ২৬ মার্চ থেকে প্রথমবারের মতো শহরটির সাথে শিনকানসেন ট্রেন চলাচল শুরু হবে। আর অবিশ্বাস্য হলেও সত্যি ওই রুটে যাওয়ার জন্য প্রথমবারের মতো মাত্র পঁচিশ সেকেন্ডেই ট্রেনের টিকিট শেষ হয়ে গেছে।

গত শুক্রবার বিকেলে ট্রেনের আগাম টিকিট বিক্রির নির্দেশনা প্রতিটি স্টেশনে পৌঁছলে টোকিও থেকে হোক্কাইডো রুটে মাত্র ২৫ সেকেন্ডে তা শেষ হয়ে যায় বলে পূর্ব জাপান রেলওয়ে কর্তৃপক্ষ জানায়।

অপরদিকে, হোক্কাইডো থেকে টোকিও রুটে টিকিট বিক্রিতে সময় লাগে ৩০ সেকেন্ড।

প্রথমবারে মতো শিনকানসেনে হোক্কাইডো ভ্রমণ করতে শুক্রবার সকাল থেকে শিনকানসেন লাইনের স্টেশনগুলোতে উৎসুক যাত্রীরা ভিড় জমায়। অনেকে বৃহস্পতিবার রাত থেকেই স্টেশনে অবস্থান নেন।

হোক্কাইডোর সাপ্পারো স্টেশনে রাত থেকেই অবস্থান নিয়েছিলেন নাতো ওকাবে। তিনটি টিকিট কেটে অনেকেটা চোখে মুখে আনন্দের ঝিলিক তার।

 তিনি বলেন, প্রথমবারের মতো শিনকানসেনে এখান থেকে টোকিওতে পরিবার নিয়ে যাত্রা করতে পারব বলে খুব খুশি। এখন মনে হচ্ছে আমার রাতের কষ্ট সার্থক হয়েছে।