২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘অবিশ্বস্ত স্ত্রী’ নিয়ে মন্তব্য: ফেইসবুক পেইজের অ্যাডমিনকে গ্রেপ্তারে পরোয়ানা

মিশরের ‘এক তৃতীয়াংশ নারী স্বামীর প্রতি বিশ্বস্ত নয়’-এমন মন্তব্য সম্বলিত টেলিভিশন টক শোর একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়ার পর মন্তব্যকারী একটি ফেইসবুকে পেইজের অ্যাডমিনকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন দেশটির সর্বোচ্চ আইন কর্মকর্তা।

রয়টার্স

রয়টার্স

Published : 28 Feb 2016, 01:50 AM

Updated : 12 Apr 2022, 01:31 AM

তায়মুর আল সবকি নামে এই ব্যক্তি ওই ফেইসবুক পেইজে ভিডিওটি আপলোড করেছিলেন। তার বিরুদ্ধে মিশরীয় নারীদের কলঙ্ক দেওয়া ও তাদের সম্মানহানির অভিযোগ আনা হয়েছে। তাকে ধরতে ১৬ ফেব্রুয়ারি গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

সবকি গত বছরের ডিসেম্বরে দেশটির বেসরকারি সিবিসি চ্যানেলে ‘মামকিন’ (মিশরীয় এই শব্দের অর্থ ‘এটা সম্ভব’) নামের এক টেলিভিশন টক শোতে মিশরীয় নারীদের নিয়ে এই মন্তব্য করলেও বিষয়টি তখন এত আলোচনার জন্ম দেয়নি।

ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ওই মন্তব্যের একটি ভিডিও ক্লিপ ফেইসবুক পেইজে দেওয়ার পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে হৈ চৈ পড়ে যায়। এরপর ১৫ দিন ওই ওই টেলিভিশন অনুষ্ঠান বন্ধ রাখা হয়।

ওই অনুষ্ঠানে সবকি বলেন, “শতকরা তিরিশ ভাগ মিশরীয় নারীই অনৈতিক কাজের জন্য প্রস্তুত। তারা কেবল একাজে তাদের উৎসাহ দেওয়ার মতো মানুষ পাচ্ছে না।”

‘ভুক্তভোগী স্বামীদের দিনলিপি’ নামে তার ফেইসবুক পেইজে শেয়ার করা ভিডিওতে তার আরও কতগুলো মন্তব্য রয়েছে, যা বিতর্ক উসকে দেয়।

“আজকের দিনে স্বামীদের সঙ্গে প্রতারণা করা নারীদের জন্য খুবই স্বাভাবিক বিষয়। অনেক নারী তাদের স্বামী দেশের বাইরে গেলে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ে।”

সবকির এই মন্তব্যে ক্ষুব্ধ হয়ে মুখোশ পরা এক নারী রাইফেল হাতে নিয়ে তাকে হত্যার হুমকি দিয়ে ইউটিউবে একটি ভিডিও পোস্ট করেছেন।

মিশরীয় নারীদের কলঙ্ক দেওয়া ও তাদের সম্মানহানি করার অভিযোগ প্রমাণিত হলে সবকির তিন বছরের কারাদণ্ড হতে পারে।