২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সোমালিয়ায় আল-শাবাবের হামলায় নিহত ১৪

সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে জঙ্গি গোষ্ঠী আল-শাবাবের হামলায় অন্ততপক্ষে ১৪জন নিহত হয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2016, 10:06 AM

Updated : 12 Apr 2022, 01:31 AM

বিবিসি বলছে, মজবুত দেয়াল দিয়ে ঘেলা সোমালি ইয়ুথ লিগ নামের একটি হোটেলের সামনে গাড়িবোমা বিস্ফোরণ ঘটানোর পর হামলাকারীরা সেখানে প্রবেশ করে।

মোগাদিসুর একটি জনপ্রিয় পার্ক পিস গার্ডেন লক্ষ্য করেও হামলা চালানো হয়। পুলিশ জানিয়েছে, চার সন্ত্রাসী জঙ্গি তাদের গুলিতে নিহত হওয়ার পর এসব হামলা বন্ধ হয়।

আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন আল-কায়েদার সঙ্গে সম্পৃক্ত আল-শাবাব সোমালিয়া ও কেনিয়ায় ধারাবাহিকভাবে সন্ত্রাসী হামলা চালিয়ে যাচ্ছে।

শুক্রবার সন্ধ্যায় গাড়িবোমা বিস্ফোরণের পর ভারী অস্ত্রের গোলাগুলির শব্দ শোনা যায় বলে মোগাদিসুতে নিযুক্ত বিবিসির প্রতিনিধি ইব্রাহিম আদেন জানিয়েছেন।

আদেন জানান, প্রথম গাড়িবোমা বিস্ফোরণের শব্দ শোনার ৪০ মিনিট পর আরও একই কম্পন উৎপন্ন করা দ্বিতীয় বিস্ফোরণেল শব্দ শোনা যায়।

আল-শাবাব বিবিসিকে জানিয়েছিল, তারা হোটেলটির নিয়ন্ত্রণ নিয়েছে।

হোটেলটি দেশটির প্রেসিডেন্টের বাসভবনের কাছেই অবস্থিত হওয়ায় এটি সরকারি কর্মকর্তাদের কাছে বেশ জনপ্রিয়।

পিস গার্ডেনের বিস্ফোরণের প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার সময় পার্কে অনেক মানুষ ছিলেন।