২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাত ভিন্নমতাবলম্বীকে বিদেশ যাওয়ার অনুমতি  কিউবার

জামিনে কারাগারের বাইরে থাকা সাত ভিন্নমতাবলম্বীকে একবার বিদেশ যাওয়ার অনুমতি দিয়েছে কিউবা সরকার।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2016, 03:45 PM

Updated : 12 Apr 2022, 01:30 AM

বিবিসি বলছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার আসন্ন কিউবার সফর উপলক্ষ্যে দেশটি এ নমনীয় মনোভাব দেখিয়েছে বলে ধারণা করা হচ্ছে।  

একই ক্যাট্যাগরিতে থাকা আরো চারজন ভিন্নমতাবলম্বীকে বিদেশে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি। এর কারণ তাৎক্ষণিকভাবে পরিষ্কার হয়নি বলে জানিয়েছেন ওই ভিন্নমতাবলম্বীরা।

যে সাতজনকে বিদেশ ভ্রমণের অনুমতি দেওয়া হয়েছে তাদের কিউবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে পাঠানো হয়েছিল। সেখানে তাদের একবার বিদেশ ভ্রমণের অনুমতি দেওয়ার বিষয়টি জানানো হয়।

বিদেশ থেকে ফিরে আসার পর ফের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞাসহ কারাগারের বাইরে যে দণ্ড তাদের দেওয়া হয়েছিল তা আবার ভোগ করতে হবে এই সাতজনকে। 

কিউবার সঙ্গে ক্রমবর্ধমান সম্পর্কের ‍উন্নতি আরও পোক্ত করার লক্ষ্যে আগামী ২১-২২ মার্চ দেশটি সফরে যাচ্ছেন ওবামা।

‘ঠাণ্ডা লড়াইয়ের’ সাবেক এই শত্রুর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ফের শুরু করার বিনিময়ে প্রেসিডেন্ট খুব অল্পই ফেরত পেয়েছেন বলে অভিযোগ ওবামার সমালোচকদের।  

২০১৪ সালের ডিসেম্বরে কিউবার কমিউনিস্ট সরকার ৫৩ জন কারাবন্দিকে ‍মুক্তি দেয়। এদের রাজবন্দি হিসেবে বিবেচনা করতো ওয়াশিংটন।

কিন্তু মুক্তির পর এই ৫৩ জনের মধ্যে কয়েকজনকে ফের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের মধ্যে দুজনকে কারাগারে পাঠানো হয় বলে জানিয়েছে কিউবার ভিন্নমতাবলম্বীদের গোষ্ঠী ‘কিউবান কমিশন অব হিউম্যান রাইটস এন্ড ন্যাশনাল রিকনসিলিয়েশন’।

ভিন্ন পথে যুক্তরাষ্ট্র সরকার থেকে তহবিল নেওয়ায়, সংখ্যায় অতি অল্প বিরোধীদের এই দলটিকে অবৈধ বিবেচনা করে কিউবা সরকার।