শরণার্থীদের প্রতি বিরূপ আচরণের সমালোচনায় অ্যামনেস্টি
গত বছর অন্তত ৩০টি দেশ শরণার্থীদের বিপদসঙ্কুল অঞ্চলে ফিরে যেতে বাধ্য করেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
অ্যামনেস্টির পক্ষে থেকে সতর্ক করে বলা হয়, এর মাধ্যমে অনেক দেশের সরকার নির্লজ্জভাবে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে।
বিশ্বজুড়ে মানবাধিকার পরিস্থিতি নিয়ে বুধবার অ্যামনেস্টি তাদের বার্ষিক পর্যালোচনা প্রতিবেদন প্রকাশ করে।
প্রতিবেদনে বলা হয়, অন্তত ১৯টি দেশের সরকার বা সেনাবাহিনী যুদ্ধাপরাধ করছে বা ‘আন্তর্জাতিক যুদ্ধ আইন’ লঙ্ঘন করছে।
অ্যামনেস্টির মহাসচিব সলিল শেট্টি বলেন, স্বল্প মেয়াদে জাতীয় স্বার্থ রক্ষা এবং কঠোর নিরাপত্তা অভিযানের নামে ২০১৫ সালে মানবাধিকারের চরম লঙ্ঘন হয়েছে।
“আপনার অধিকার শঙ্কার মধ্যে রয়েছে: বিশ্ব জুড়ে অনেক দেশের সরকার শরণার্থীদের সঙ্গে চরম অবমাননাকর আচরণ করেছে।”
প্রতিবেদনে বলা হয়, সবচেয়ে মর্মান্তিক উদাহরণগুলোর একটি হচ্ছে ওই সব দেশ যারা শরণার্থীদের তাদের ভূখণ্ডে প্রবেশে বাধা দেয়। এর ফলে মিয়ানমার ও বাংলাদেশের হাজার হাজার শরণার্থীকে মানবপাচারকারীরা কোনো খাবার বা পানি ছাড়া সমুদ্রে ঝুঁকিপূর্ণ নৌযানে ফেলে রেখে চলে যায়।
“খোলা সমুদ্রে ভাসমান ওইসব শরণার্থীকে নিয়ে কয়েকটি দেশ পিং-পং বল খেলার মত খেলতে শুরু করে। ওই সময় কয়েকশ’ মানুষ ক্ষুধা-তৃষ্ণায় মারা গেছে বলে ধারণা করা হয়।”
প্রতিবেদনে ইউরোপের কয়েকটি দেশ বিশেষ করে হাঙ্গেরির কঠোর সমালোচনা করা হয়েছে। শরণার্থীদের আটকাতে হাঙ্গেরি তাদের সীমান্ত কাঁটাতার দিয়ে ঘিরে দিয়েছে।
A migrant holds a child as they wait on the Serbian side of the border with Hungary in Asotthalom, September 15, 2015. Reuters
একমাত্র জার্মানি ছাড়া ইউরোপের অন্যান্য দেশগুলোর আচরণ অত্যন্ত লজ্জ্বাজনক ছিল বলে অ্যামনেস্টির প্রতিবেদনে জানানো হয়।
শেট্টি বলেন, “বিশ্বের সবচেয়ে ধনী অঞ্চল ইউরোপ। অথচ তারা বিশ্বের সবচেয়ে নির্যাতিত মানুষদের মৌলিক অধিকার পূরণে সক্ষম নয়, যা ভীষণ লজ্জ্বার।”
তিনি বিশ্বের প্রতি শরণার্থীদের বৈধ এবং সম্মানজনক পথে নিরাপদ স্থানে পৌঁছানোর উপায় খুঁজে বের করার আহ্বান জানান।
সেই সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ১২ লাখ শরণার্থী পুনর্বাসনের যে প্রতিশ্রুতি দিয়েছে তা দ্রুত কার্যকর করার কথা বলেন।
গত বছর ইউরোপ অভিমুখে যাত্রা করা শরণার্থীদের অর্ধেকের বেশিই সিরীয় নাগরিক। শেট্টির মতে, সিরিয়ায় ‘মানবাধিকারের কোনো চিহ্ন’ নেই।
