২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধবিরতিতে রাজি সিরিয়ার বিবদমান পক্ষগুলো

যুক্তরাষ্ট্র ও রাশিয়ার যুদ্ধবিরতি পরিকল্পনা মানতে রাজি থাকার কথা জানিয়েছে সিরিয়া সরকার ও  বিরোধীদলগুলো।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2016, 07:59 PM

Updated : 12 Apr 2022, 01:29 AM

সোমবার যুদ্ধবিরতি চুক্তি ঘোষণা করে যুক্তরাষ্ট্র ও রাশিয়া। ২৭ ফ্রেব্রুয়ারি শনিবার মধ্যরাত থেকে এ বিরতি কার্যকর হওয়ার কথা রয়েছে।

সিরিয়া সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও রাশিয়া ঘোষিত যুদ্ধবিরতি পরিকল্পনা অনুযায়ী, তারা তাদের ‘যুদ্ধাভিযান’ স্থগিত করবে।

তবে সিরিয়ার প্রধান বিরোধী আমব্রেলা গ্রুপ ও বিদ্রোহী দলগুলোর পক্ষ থেকে বলা হয়,  সরকারি বাহিনীর অবরোধ তুলে নেওয়া এবং বেসামরিক নাগরিকদের উপর হামলা বন্ধ করার ওপরই বিদ্রোহীদের যুদ্ধবিরতি মেনে চলার বিষয়টি নির্ভর করছে।

চুক্তির শর্ত অনুযায়ী, শুক্রবার বিকালের মধ্যে সিরীয় সরকার ও বিরোধী দলগুলোকে এই চুক্তি মেনে চলা না চলার বিষয়টি নিশ্চিত করতে হবে।

সিরিয়ার ইসলামিক স্টেট (আইএস) এবং আল-কায়দা সংশ্লিষ্ট আল-নুসরা ফ্রন্ট এই চুক্তির আওতায় থাকছে না। ফলে এ যুদ্ধবিরতি কার্যকর করা বেশ কঠিন হবে বলে মনে করছে জাতিসংঘ।

বিশ্লেষকরা বলছেন, সিরিয়া সরকার এবং রাশিয়া নুসরা ফ্রন্ট এবং আইএসের ওপর হামলা চালানোর অজুহাতে প্রেসিডেন্ট আসাদ বিরোধীদের ওপর হামলা চালাতে পারে। আর এমন হলে যুদ্ধবিরতি ভেঙে পড়বে।

সিরিয়ায় প্রায় পাঁচ বছর ধরে চলা গৃহযুদ্ধে আড়াই লাখের বেশি মানুষের প্রাণ গেছে। গৃহহীন হয়েছে এক কোটি দশ লাখের বেশি মানুষ।

সিরিয়ার বেশিরভাগ বড় বড় বিরোধী ও বিদ্রোহী দলগুলোর প্রতিনিধিত্ব করা হাই নেগোসিয়েশন কমিটি (এইচএনসি) সৌদি আরবের সঙ্গে বৈঠক শেষে এক বিবৃতিতে বলেছে, “সিরিয়ার রক্তক্ষয়ী সংগ্রামের অবসানে আন্তর্জাতিক অঙ্গনের ঐকান্তিক প্রচেষ্টায় যে সাফল্য এসেছে আমরা সেটির প্রতি আস্থাশীল।”

“তবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নীতিমালা অনুযায়ী যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার শর্তসাপেক্ষেই কেবলমাত্র আমরা এই চুক্তি মেনে নিচ্ছি।”

নিরাপত্তা পরিষদের নীতিমালা অনুযায়ী:- যুদ্ধবিরতি চুক্তির আওতাভুক্ত সব পক্ষকে অবরোধ তুলে নিতে হবে, ত্রাণ সামগ্রী প্রবেশের অনুমতি দিতে হবে, বেসামরিক নাগরিকদের ওপর বিমান হামলা ও গোলা বর্ষণ বন্ধ রাখতে হবে এবং জিম্মিদের  মুক্তি দিতে হবে। 

যদিও এইচএনসি এর সমন্বয়ক রিয়াদ হিজাবের ধারণা, প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ও তার মিত্ররা এই যুদ্ধবিরতি চুক্তি মেনে চলবে না। কারণ, তারা খুব ভাল করেই বুঝতে পেরেছে নিপীড়ন, হত্যা ও জোর করে বাস্তুচ্যুত করা ছাড়া তারা তাদের সম্রাজ্য টিকিয়ে রাখতে পারবে না।

মঙ্গলবার সিরিয়া সরকারের পক্ষ থেকে বলা হয়, দায়েশ (আইএস), ‍আল-নুসরা ফ্রন্ট, আল-কায়দা এবং এ ধরনের অন্যান্য জঙ্গি সংগঠনের বিরুদ্ধে সেনা অভিযান চালাতে দেওয়ার ভিত্তিতে তারা যুদ্ধাভিযান বন্ধ করতে রাজি।

ওই বিবৃতিতে সিরিয়া সীমান্তে গোলাবর্ষণ, সশস্ত্র বিদ্রোহীদলগুলোকে দেশের বাইরে থেকে অস্ত্র ও গোলাবারুদের যোগান বন্ধ করা এবং জঙ্গি দলগুলোর শক্তি বৃদ্ধি প্রতিরোধ এবং অবস্থান পরিবর্তনের সুযোগ না দেওয়ার উপরও গুরুত্বারোপ করা হয়েছে।