সিরিয়ায় যুদ্ধবিরতি শুরু ২৭ ফেব্রুয়ারি
যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার উদ্যোগে যুদ্ধবিরতি হচ্ছে সিরিয়ায়। যুদ্ধবিরতির পরিকল্পনা ঘোষণা করে দেশ দুটি জানিয়েছে, সিরিয়ায় ২৭ ফেব্রুয়ারি মধ্যরাত থেকে এ বিরতি শুরু হবে।
যৌথ এক বিবৃতিতে বলা হয়েছে, ইসলামিক স্টেট (আইএস) এবং আল কায়েদা সংশ্লিষ্ট নুসরা ফ্রন্ট এ যুদ্ধবিরতির আওতায় থাকছে না।
বিশ্বের শক্তিধর দেশগুলো ১২ ফেব্রুয়ারিতে এক সপ্তাহের মধ্যেই যুদ্ধবিরতি কার্যকর করার ব্যাপারে একমত হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত এর সময়সীমা পেরিয়ে যাওয়া এবং নতুন পরিকল্পনা নিয়েও মতানৈক্য থেকে যাওয়ায় সেটি কার্যকর হয়নি।
এরপর সিরিয়ায় অবিরাম সহিংসতা চলার মাঝেও রোববার যুদ্ধবিরতির নানা শর্ত নিয়ে রাশিয়ার সঙ্গে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছার কথা জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি।
যুক্তরাষ্ট্র ও রাশিয়ার যৌথ বিবৃতিতে বলা হয়েছে, “সিরিয়ার সংঘর্ষে যে যে পক্ষ যুদ্ধবিরতি করতে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে এবং শর্ত মেনে নিয়েছে তাদের ক্ষেত্রেই এ বিরতি প্রযোজ্য হবে।”
আইএস, নুসরা ফ্রন্ট এবং জাতিসংঘের চিহ্নিত অন্যান্য সন্ত্রাসী সংগঠন এ যুদ্ধবিরতির আওতায় পড়বে না। তাদের ওপর সিরিয়া, রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট বাহিনীর বিমান হামলা চলবে।
আর সিরিয়ার সশস্ত্র বিরোধী দলগুলোকে ২৬ ফেব্রুয়ারি মধ্যরাতের মধ্যেই যুদ্ধবিরতিতে তাদের অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করতে হবে। বিরতির সময়টিতে রাশিয়া এবং সিরিয়া ওই দলগুলোর ওপর যে কোনও বিমান হামলা বন্ধ করবে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি এ যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানিয়ে বলেছেন, “এটি কার্যকর হলে এবং মেনে চলা হলে তা কেবল সহিংসতাই কমাবে না বরং এতে করে অবরুদ্ধ এলাকাগুলোতে জরুরি প্রয়োজনীয় মানবিক সাহায্য সরবরাহেরও পথ সুগম হবে।”
