২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কাশ্মীরে তিনদিনের অচলাবস্থার অবসান

তিন হামলাকারীর মৃত্যুর মধ্য দিয়ে ভারত-নিয়ন্ত্রিত কাশ্মিরে তিনদিনের অচলাবস্থার অবসান হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2016, 09:00 PM

Updated : 12 Apr 2022, 01:28 AM

কাশ্মিরের প্রধান শহর শ্রীনগরের কাছে ওই সংঘর্ষে পাঁচজন সেনা সদস্য ও একজন বেসামরিক নাগরিকেরও মৃত্যু হয়েছে। নিহত সেনা সদস্যদের মধ্যে দুই জন ক্যাপ্টেন রয়েছেন।

পুলিশের উপ মহাপরিদর্শক গুলাম হাসান ভাটের বরাত দিয়ে সোমবার রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, “বন্দুকযুদ্ধ শেষ হয়েছে। তিন জঙ্গির সবাই মারা গেছে।”

এর আগে সোমবার সকালে সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছিল, তারা চূড়ান্ত অভিযানের প্রস্তুতি নিচ্ছে।

হামলাকারীদের ‘সন্দেহভাজন ভারত-বিরোধী বিদ্রোহী’ বলে বর্ণনা করেছে পুলিশ।

শনিবার বন্দুকধারীদের একটি সেনাবহরে হামলার মধ্য দিয়ে এই অচলাবস্থার সৃষ্টি হয়। বন্দুকধারীরা সেনাবহরে হামলার পর একটি প্রশিক্ষণ কেন্দ্রে আশ্রয় নেয়।

শনিবারের হামলায় দুই সেনা ও এক বেসামরিক ব্যক্তি নিহত হয় বলে সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়।

বন্দুকধারী বিদ্রোহীরা প্রশিক্ষণ কেন্দ্রের একটি ভবন অবরুদ্ধ করে। যদিওভবনটি থেকে প্রায় ১০০ ছাত্র ও কর্মীকে সরিয়ে নেওয়া সম্ভব হয়।

শনিবার রাতে প্রশিক্ষণ কেন্দ্রের ভেতরে ভারতীয় আধাসামরিক বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের তুমুল গুলিবিনিময় হয়। গুলিবিনিময় বন্ধ হওয়ার পর থেকে নিরাপত্তা বাহিনী এলাকাটি ঘিরে রাখে।

রোববার সকালে সেনা সদস্যরা বিদ্রোহীদের হটিয়ে দেওয়ার চেষ্টা করলে আবারও দুই পক্ষের মধ্যে গুলি বিনিময় শুরু হয়।

এদিন আরও তিন সেনাসদস্য নিহত হয় বলে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।

রোববার গুলি বিনিময়ের এক পর্যায়ে ভবনের একটি অংশে আগুন ধরে যায়।

প্রশিক্ষণ কেন্দ্রের ভেতরে থাকা বেসামরিক নাগরিকদের কাছে বন্দুকধারীরা তাদের ‘বাঁচানোর আবেদন করে’ বলে দাবি করেছেন প্রত্যক্ষদর্শীরা।