উত্তর কোরিয়ার নয়া সেনাপ্রধান রি মিয়ং সু
উত্তর কোরিয়ার নয়া সেনাপ্রধান হিসেবে রি মিয়ং সু’র নাম ঘোষণা করা হয়েছে।
দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যমের বরাতে বিবিসি বলছে, আগের সেনাপ্রধান রি ইয়ং জিলের মৃত্যুদণ্ড কার্যকরের কিছুদিন পর নয়া সেনাপ্রধানের নাম ঘোষণা করা হল।
রোববার উত্তর কোরীয় সরকারি গণমাধ্যম কেসিএনএ দেশটির নেতা কিম জং উনের সঙ্গে আকাশে সামরিক মহড়া দেখার সময় জেনারেল রি মিয়ং সুকে কোরিয়ান পিপলস আর্মি (কেপিএ) জেনারেল স্টাফ হিসেবে উল্লেখ করেছে।
২০১১ সালে কিম জং উন ক্ষমতায় আসার পর রি মিয়ং সু হলেন চতুর্থ সেনাপ্রধান।
১০ ফেব্রুয়ারি দক্ষিণ কোরীয় গণমাধ্যম বলেছিল, চলতি মাসের শুরুর দিকে জেনারেল রি ইয়ং জিলের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। দুর্নীতি ও ‘গোষ্ঠীগত ষড়যন্ত্রের’ কারণে তার এ পরিণতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
তবে স্বাধীনভাবে এই খবর যাচাই করা সম্ভব হয়নি।
বিভিন্ন সময় উত্তর কোরিয়ায় মৃত্যুদণ্ড কার্যকরের খবর এলেও কার্যত একঘরে হয়ে থাকা কমিউনিস্ট শাসিত দেশটির সংবাদমাধ্যমে তা উঠে আসার ঘটনা বিরল।
যদিও ২০১৩ সালে বর্তমান নেতা কিম জং উনের চাচা ও পরামর্শক চ্যাং সং-তায়েকের মৃত্যুর খবর জানানো হয়েছিল।
গেল বছরের মে মাসে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা পার্লামেন্টকে জানায়, কিমের প্রতি আনুগত্য না দেখানোয় উত্তর কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী হিয়োন ইয়ায়-চোলের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।
কয়েকশ মানুষের সামনে বিমানবিধ্বংসী গোলায় তাকে হত্যা করা হয় বলে তারা জানায়। কয়েক সপ্তাহ পরে খবর আসে- সে সময় ১৫ জ্যেষ্ঠ কর্মকর্তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল।
