২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রার্থিতা প্রত্যাহার করলেন জেব বুশ

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলীয় মনোনয়ন প্রত্যাশী জেব বুশ নিজের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2016, 11:47 AM

Updated : 12 Apr 2022, 01:29 AM

ইতিমধ্যে তিনটি রাজ্যে অনুষ্ঠিত প্রাইমারি ভোটাভুটিতে একটিতেও তিনি জয়ী হতে পারেননি। এমন কী আশ্চর্যজনকভাবে তিনি প্রতিদ্বন্দ্বিতাও গড়ে তুলতে পারেননি।

বিবিসি বলছে, সাউথ ক্যারোলাইনায় শনিবার অনুষ্ঠিত রিপাবলিকান দলীয় প্রাইমারি ভোটাভুটিতে তিনি চতুর্থ হয়েছেন। আর এরপরই প্রেসিডেন্ট পদে দলীয় মনোনয়ন প্রার্থিতা থেকে তিনি নিজেকে সরিয়ে নেওয়ার ঘোষণা দেন।

জেব বুশের বাবা সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বুশ আর বড়ভাই জর্জ ডব্লিউ বুশ।

যদিও শুরুর দিকে তিনি বলেছিলেন, পারিবারিক পরিচয়ে নয় তিনি একজন মানুষ হিসেবে লড়তে এসেছেন। কিন্তু এই কথাও তিনি রাখতে পারেননি।

তারপক্ষে প্রচারণায় নেমেছিলেন দুই দফা মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বপালন করা জর্জ ডব্লিউ বুশ। 

সাউথ ক্যারোলাইনায় জেব বুশ জয়ী হবেন বলে আশা করেছিলেন। কিন্তু এই রাজ্যেও পরাজয়ে পিছু হটেন তিনি। এখানে ডোনাল্ড ট্রাম্প ৩২ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছেন।

সাউথ ক্যারোলাইনার ফলাফল ঘোষণার পর আবেগপ্রবণ হয়ে পড়েন জেব বুশ। সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, “আমার নির্বাচনী প্রচারণা আজ স্থগিত ঘোষণা করছি। আইওয়া, নিউ হ্যাম্পশায়ার এবং সাউথ ক্যারোলাইনার মানুষেরা তাদের মতামত জানিয়েছেন। আমি তাদের সিদ্ধান্তকে সম্মান জানাই। একটি চমৎকার জীবন আমি পেয়েছি। মানুষের মঙ্গল করে যাওয়াই আমার এই জীবনের উদ্দেশ্য।”

ফ্লোরিডার সাবেক গভর্নর জন ইলিস ‘জেব’ বুশ রিপাবলিকান প্রার্থীদের মধ্যে সবচে সম্ভাবনাময় ছিলেন। কিন্তু তিনটি রাজ্যের প্রাইমারিতে পরাজিত হয়ে তার ব্যয়বহুল প্রচারণা থামাতে বাধ্য হন।

গেল জুনে ফেভারিট হিসেবে প্রচারণা শুরু করা জেব বুশ প্রথমদিকে সমর্থকদের টানতে সক্ষম হয়েছিলেন। তিনি বড় ধরনের তহবিলও সংগ্রহ করতে শুরু করেছিলেন।

কিন্তু আটমাসের মাথায় আইওয়া, নিউ হ্যাম্পশায়ার এবং সাউথ ক্যারোলাইনায় প্রাইমারি ভোটাভুটিতে ব্যর্থ তাকে প্রেসিডেন্ট নির্বাচনের দৌড় থেকে ছিটকে ফেলে।

১৯৫৩ সালেল ১১ ফেব্রুয়ারি টেক্সাসের মিডল্যান্ডে জন্মগ্রহণকারী জেব বুশ ইউনিভার্সিটি অব টেক্সাস থেকে লাতিন আমেরিকান স্টাডিজের উপর ব্যাচেলর ডিগ্রি অর্জন করেন।

১৯৭৩ সালে তিনি কলাম্বা গারনিকাকে বিয়ে করেন। তিনি একজন মেক্সিকান। দাম্পত্যজীবনে তাদের তিন সন্তান রয়েছে।