২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জন লেননের চুল ৩৫ হাজার ডলারে বিক্রি!

বিখ্যাত বিটলস ব্যান্ড এর সদস্য প্রয়াত জন লেননের চার ইঞ্চি চুল নিলামে ৩৫ হাজার ডলারে বিক্রি হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2016, 06:08 PM

Updated : 12 Apr 2022, 01:28 AM

সিএনএন জানায়, যুক্তরাষ্ট্রের ডালাসে শনিবার অনুষ্ঠিত হয়েছে এই নিলাম। নিলামের আয়োজন করে হেরিটেজ অকশন নামের একটি নিলাম প্রতিষ্ঠান।

যুক্তরাজ্যের পল ফ্রেজার নামক এক স্মারক সংগ্রাহক চুলটি কিনেছেন বলে জানিয়েছে হেরিটেজ অকশন।

১৯৬৬ সালে ‘হাও আই ওন দা ওয়ার’ সিনেমায় অভিনয়ের প্রস্তুতিকালে চুল কাটানোর সময় এক জার্মান নাপিত জন লেননের ওই একগাছি চুল কেটে তার কাছে রেখে দিয়েছিলেন।

এতদিন আগের সেই চুলই ২০১৬ সালে এসে কিনে নিলেন পল ফ্রেজার। নিলামে তোলা হয়েছিল লেননের চুল হাতে ধরে থাকা ওই নাপিতের একটি ছবিও।

বিশ্বের সেরা ব্যান্ড বিটলসের অন্যতম একজন সদস্য হিসেবে বিশ্বের সঙ্গীতপ্রিয় মানুষের কাছে সুপরিচিতি পেয়েছিলেন জন লেনন। তিনি ছিলেন একাধারে গায়ক, সুরকার, গীতিকার, লেখক, সঙ্গীতপরিচালক এবং দক্ষ সমাজসেবক।

১৯৬৩-৬৪ সালে ইংল্যান্ডে প্রতিষ্ঠিত রক ব্যান্ডের স্বীকৃতি লাভ করে বিটলস। লেনন তার রক গান দিয়ে সে সময় ব্যাপক সাড়া জাগিয়েছিলেন। ১৯৮০ সালের ৮ ডিসেম্বরে নিউ ইয়র্কে আততায়ীর গুলিতে খুনহন তিনি।