২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জঙ্গিদের জন্য বিশেষ কারাগার হবে কেনিয়ায়

সহিংস উগ্রপন্থীদের আটকে রাখার জন্য বিশেষ কারাগার প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছেন কেনিয়ার প্রেসিডেন্ট উহুরু কেনিয়াত্তা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2016, 01:45 PM

Updated : 12 Apr 2022, 01:27 AM

এরফলে সমাজে জিহাদি জঙ্গিদের উগ্রমতাদর্শ প্রচার প্রতিরোধ করা সম্ভব হবে বলে জানিয়েছেন তিনি।

বিবিসি বলছে, দেশটির সন্ত্রাসবিরোধী আইনের অধীনে নিরাপত্তা রক্ষাকারী বাহিনী সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত সন্দেহভাজনদের কোনো অভিযোগ ছাড়াই দীর্ঘসময় আটক রাখতে পারে।

ইসলামি জঙ্গিগোষ্ঠী আল-শাবাবের সঙ্গে সম্পৃক্ত দেশের অভ্যন্তরে গজিয়ে ওঠা জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করছে কেনিয়া।

আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠী আল-কায়েদার একটি অংশ আল-শাবাব।

জঙ্গি-জিহাদিদের সীমান্ত পাড়ি দিয়ে হামলা প্রতিরোধ ও অপহরণ ঠেকাতে ২০১১ সালে প্রতিবেশি সোমালিয়ায় সেনা পাঠায় কেনিয়া।

কারাগারের দুই হাজারের বেশি ওয়ার্ডেনের প্যারেডে দেওয়া বক্তব্যে প্রেসিডেন্ট কেনিয়াত্তা বলেন, কারাগারের সুবিধা বাড়ানোর জন্য অতিরিক্ত অর্থ বরাদ্দ করা হবে।

তবে কবে এবং কোথায় এই কারাগার স্থাপন করা হবে সেই বিষয়টি পরিষ্কার করে বলেননি কেনিয়াত্তা।

কেনিয়ায় বেশ কয়েকটি ভয়াবহ হামলা চালিয়েছে আল-শাবাব। ২০১৫ সালের ২ এপ্রিল সোমালিয়ার সীমান্তবর্তী গারিসা ইউনিভার্সিটিতে এই জঙ্গিগোষ্ঠীটির হামলায় ১৪৭ জন নিহত হন।

এরআগে, ২০১৩ সালে নাইরোবিতে একটি শপিং সেন্টারে আল-শাবাবের হামলায় ৬৮ জন নিহত হন।

আল-শাবাবের বিরুদ্ধে লড়াইয়ে জাতিসংঘসমর্থিত আফ্রিকান ইউনিয়নের শক্তিশালী ২২ হাজার রক্ষীর মধ্যে কেনিয়ার সেনা সংখ্যা চারহাজার।