যুক্তরাষ্ট্র-কিউবার মধ্যে বিমান চলাচল চুক্তি
যুক্তরাষ্ট্র ও কিউবা দুই দেশের বাণিজ্যিক বিমান চলাচলের চুক্তি সই করেছে।
বিবিসি বলছে, ৫০ বছরেরও বেশি সময় পর দেশ দুটির মধ্যে বাণিজ্যিকভাবে বিমান চলাচল শুরু হতে যাচ্ছে।
বর্তমানে ভাড়া করা বিমানে দেশ দুটির মধ্যে সীমিত বিমান চলাচল শুরু হলেও নতুন চুক্তি অনুযায়ী প্রতিদিন ১১০টি ফ্লাইট পরিচালনা করা সম্ভব হবে। এই সংখ্যা বর্তমান সংখ্যার পাঁচগুন।
দুই দেশের মধ্যে সম্পর্কের বরফ গলতে শুরু হওয়ার পর এটিই বন্ধুত্বের সাম্প্রতিকতম নিদর্শন।
যুক্তরাষ্ট্রের পরিবহনমন্ত্রী অ্যান্টনি ফক্স বলেন, কিউবার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক দৃঢ় করার ক্ষেত্রে বাণিজ্যিক বিমান চলাচল শুরু করার চুক্তি একটি মাইলফলক “
কিউবার পরিবহনমন্ত্রী অ্যাডেল রদ্রিগুইজ একে ‘নতুন যুগ’ বলে অভিহিত করেছেন।
যুক্তরাষ্ট্রের পরিবহনমন্ত্রী অ্যান্টনি ফক্স (বায়ে) ও কিউবার পরিবহনমন্ত্রী অ্যাডেল রদ্রিগুইজ। ছবি: রয়টার্স
২০১৪ সালের শেষ দিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ও কিউবার প্রেসিডেন্ট রাউল ক্যাস্ত্রো দুই দেশের মধ্যকার সম্পর্ক স্বাভাবিক করবেন বলে ঘোষণা দেন।
এরপরই দৃশ্যপট পাল্টে যায় দ্রুত। ২০১৫ সালের এপ্রিলে পানামায় দুই দেশের নেতা প্রথমবারের মতো করমর্দন করেন। সেপ্টেম্বরে নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশন চলাকালে ব্যক্তিগতভাবে বৈঠকও করেন ওবামা ও রাউল।
২০১৫ সালে কিউবা ওয়াশিংটনে পুনরায় দূতাবাস চালু করে। একমাস পর যুক্তরাষ্ট্রও হাভানায় পুনরায় দূতাবাস খোলে।
