বাহরাইনে ৪ মার্কিন সাংবাদিক অভিযুক্ত
বাহরাইনে ৪ মার্কিন সাংবাদিককে জিজ্ঞাসাবাদের পর তাদের বিরুদ্ধে অপরাধের অভিযোগ আনা হয়েছে। তবে কাস্টডি থেকে তাদেরকে মুক্তি দেওয়া হয়েছে বলে জানিয়েছে বাহরাইনের রাষ্ট্রপরিচালিত বার্তা সংস্থা।
সোমবার ফ্রান্স ভিত্তিক সংস্থা ‘রিপোর্টারস উইদাউট বর্ডারস’ এর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, রোববার মার্কিন নারী সাংবাদিক আনা ডে এবং তার তিন সহকর্মীকে গ্রেপ্তার করে বাহরাইন পুলিশ।
অবৈধভাবে দেশে প্রবেশ, বেআইনিভাবে শিয়া বিক্ষোভে অংশ নেওয়া এবং মিথ্যা বলার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।
বাহরাইনের পাবলিক প্রসিকিউসন অফিস আটক ব্যক্তিদের নাম প্রকাশ করেনি। তবে জিজ্ঞাসাবাদের পর চারজনকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে।
অল্প সময়ের মধ্যেই তারা দেশে ফিরছেন। বাহরাইনের আইনজীবী মোহাম্মদ আল-জিশি রয়টার্সকে বলেন, “তারা বিমানবন্দরের দিকে রওয়ানা হয়েছেন।”
আরবি ভাষার স্থানীয় পত্রিকা মিরাত আল-বাহরাইন (বাহরাইন মিরর) এর প্রতিবেদনে বলা হয়, মানামা শহরের পূর্বে শিয়াদের গ্রাম সিতরা থেকে রোববার চারজনকে আটক করা হয়েছিল। ওই সময় তারা স্থানীয় বিক্ষোভকারী ও নিরাপত্তা রক্ষীদের মধ্যে সংঘর্ষের খবর সংগ্রহ করছিল।
বিক্ষোভকারীরা আরব বসন্তের পঞ্চম বার্ষিকী পালন করছিল এবং বাহরাইন সরকার ব্যবস্থার সংস্কার ও ক্ষমতায় শিয়াদের আরও অধিকার দাবি করছিল। সৌদি আরবসহ আরব উপসাগরের অন্যান্য সুন্নি প্রধান দেশের সেনাবাহিনীর সহায়তায় বাহরাইনের নিরাপত্তা বাহিনী কঠোরভাবে ওই বিক্ষোভকারীদের দমন করে বলে জানায় রয়টার্স।
বিবিসি জানিয়েছে, বেআইনি ওই সমাবেশে যোগ দেওয়া এবং যান চলাচলে বিঘ্ন সৃষ্টির অভিযোগে চার সাংবাদিককে অভিযুক্ত করা হয় বলে এক বিবৃতিতে জানান কৌঁসুলিরা। তাদের বিরুদ্ধে আরও তদন্ত চলবে বলেও জানান তারা।
বাহরাইন কর্তৃপক্ষ প্রাথমিকভাবে জানিয়েছিল এক মার্কিনি ‘দাঙ্গাকারীদের’ সঙ্গে যোগ দিয়ে পুলিশকে আক্রমণ করছে। ওই মার্কিনীসহ চারজনের বিরুদ্ধে ‘পর্যটক বলে নিজেদের মিথ্যা পরিচয়’ দেওয়ার অভিযোগও করে পুলিশ।
পরে চারজনকে আটক করার কথাও জানায় পুলিশ। তখন বাহরাইনের স্বরাষ্ট্র মণ্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছিল, “অপরাধী সন্দেহে চার বিদেশিকে আটক করা হয়েছে। তারা সীমান্তে ভুয়া কাগজপত্র ও তথ্য দিয়ে অবৈধভাবে বাহরাইনে প্রবেশ করেছে এবং বেআইনি কাজ করছে।।”
