২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাজ্যে লেজার নিষিদ্ধের দাবি পাইলট ইউনিয়নের

লেজারকে ‘আক্রমণাত্মক অস্ত্র’ শ্রেণীভুক্ত করে যুক্তরাজ্যে এ রশ্মি নিষিদ্ধের দাবি জানিয়েছে এয়ারলাইন পাইলট এসোসিয়েশন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2016, 09:44 PM

Updated : 12 Apr 2022, 01:26 AM

লেজার রশ্মির কারণে এক পাইলট চোখের সমস্যায় পড়ে বিমানের জরুরি অবতরণে বাধ্য হওয়ার পর লেজার নিষিদ্ধের এ দাবি উঠল।

সোমবার ব্রিটিশ এয়ারলাইন ভার্জিন আটলান্টিকের নিউইয়র্কগামী একটি ফ্লাইটের পাইলটের চোখে লেজারের আলো লাগে। আর এতেই চোখে যন্ত্রণার কারণে বিমানটি হিথ্রো বিমানবন্দরে অবতরণ করাতে বাধ্য হন পাইলট।

কোথা থেকে এই লেজার বিম এলো এখন তা তদন্ত করে দেখা হচ্ছে।

যুক্তরাজ্যে বিমানের দিকে রশ্মি তাক করা অবৈধ হলেও লেজার রশ্মি রাখা বা বহন করা বেআইনি না।

তবে পাইলট ইউনিয়ন লেজার রশ্মিকে ‘মারাত্মক বিপজ্জনক’ বলেই বর্ণনা করেছে। এ রশ্মি পাইলটকে অন্ধ করে দিতে পারে, বলছে তারা। ভার্জিন আটলান্টিকের পাইলট চোখে লেজারের আলো লাগার পর ফিরে বাধ্য হয়েছেন।

ব্রিটিশ এয়ারলাইন পাইলটস এসোসিয়েশনের (বিএএলপিএ) জেনারেল সেক্রেটারি জিম ম্যাক অসলান বলেন, এটি কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। বিমানে উদ্বেগজনক হারে লেজার তাক করা হচ্ছে এবং শক্তিশালী লেজার রশ্মিই ব্যবহার হচ্ছে। আধুনিক লেজার রশ্মিতে মানুষ অন্ধও হয়ে যেতে পারে।

সাবেক এক পাইলট এবং পাইলট ইউনিয়নের সদস্য ডেভ স্মিথ বলেন, লেজার বহন করা ছুরি বহনের চেয়ে কম মারাত্মক নয়।

দেশের বর্তমান লেজার আইন যথেষ্ট নয় জানিয়ে লেজার আইন আরও কঠোর করার দাবি জানান তিনি।