সিরিয়ার কুর্দিদেরকে তুরস্কের নতুন হুমকি
সিরিয়ার কুর্দি বাহিনীকে নতুন করে হুমকি দিয়ে তুরস্ক বলেছে, তারা উত্তরাঞ্চলের আজাজ শহর দখলে নেওয়ার চেষ্টা করলে ‘চরম কঠোর জবাব’ দেওয়া হবে।
গত সপ্তাহের শেষদিকে সিরিয়ায় কুর্দি ওয়াইপিজি মিলিশিয়াদের ওপর বোমা হামলা শুরু করেছে তুরস্ক।
সিরিয়া তুরস্কের বোমা হামলাকে তাদের সার্বভৌমত্বের লঙ্ঘন বলে বর্ণনা করেছে এবং জাতিসংঘকে এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছে।
তুরস্ক সিরিয়ার ওয়াইপিজি মিলিশিয়াদেরকে নিষিদ্ধ ঘোষিত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) মিত্র দল হিসাবেই দেখে। পিকেকে তুরস্কে স্বায়ত্ত্বশাসনের জন্য দশকব্যাপী প্রচার চালিয়ে আসছে।
বিবিসি জানায়, তুরস্কের প্রধানমন্ত্রী আহমেত দাভুতগলু সাংবাদিকদের বলেছেন, তারা আবার এগুলে চরম ব্যবস্থার মুখে পড়বে। আমরা আজাজ শহরের পতন ঘটতে দেব না।
সিরিয়ায় তুরস্কের হামলা নতুন এক জটিল পরিস্থিতি সৃষ্টি করেছে। এর আগে অবশ্য এক খবরে সিরিয়ায় তাদের সেনা প্রবেশের কথা অস্বীকার করেছে।
তুর্কী প্রতিরক্ষামন্ত্রী ইসমেত ইলমাজ দেশটির সংসদীয় কমিশনে বলেন, সিরিয়ায় সেনা মোতায়েনের কোনো পরিকল্পনা নেই তুরস্কের।
একশোর মতো তুর্কী বন্দুকধারীকে সিরিয়ায় পাঠানো হয়েছে বলে জাতিসংঘের কাছে অভিযোগ করেছিল সিরিয়া।
