২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইসরায়েলি বাহিনীর গুলিতে ৫ ফিলিস্তিনি নিহত

 অধিকৃত জেরুজালেম ও পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর গুলিতে পাঁচ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলি পুলিশ কর্মকর্তারা।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 15 Feb 2016, 11:13 AM

Updated : 12 Apr 2022, 01:26 AM

রোববার জেরুজালেমের দেয়ালঘেরা পুরনো শহরের বাইরে দুই ফিলিস্তিনি ইসরায়েলি পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ করলে পুলিশের পাল্টা গুলিতে তারা নিহত হন বলে দাবি করেছে পুলিশ।

একই দিন আরো দুটি ঘটনায় আরো তিন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

পুলিশের এক মুখপাত্র জানান, জেরুজালেমের পুরনো শহরের অন্যতম প্রবেশপথ দামাস্কাস গেইট প্লাজায় দায়িত্বপালনরত পুলিশ কর্মকর্তাদের লক্ষ্য করে স্বয়ংক্রিয় অস্ত্র থেকে গুলিবর্ষণ করার সময় পুলিশের গুলিতে দুই ‘হামলাকারী’ নিহত হন।

রোববার সন্ধ্যারাতের এ ঘটনার শৌখিন ভিডিও ফুটেজে বেশ কয়েকটি গুলির শব্দ শোনা গেছে। এ সময় ঘটনাস্থলে বেশ কয়েকটি বাস ও অন্যান্য যানবাহন থেমে থাকতে দেখা গেছে। তবে এখানে আর কোনো হতাহতের ঘটনা ঘটেনি। 

এর আগে ইসরায়েলি সেনাবাহিনী জানায়, অধিকৃত পশ্চিমতীরে পাথর নিক্ষেপকারী দুই কিশোরকে গুলি করে হত্যা করেছে সেনারা। ওই দুই কিশোরের একজন সেনাদের লক্ষ্য করে গুলি করেছিল বলে দাবি সেনাবাহিনীর।

তৃতীয় আরেকটি ঘটনায় অধিকৃত পশ্চিমতীরের একটি তল্লাশি চৌকিতে ইসরায়েলি আধাসামরিক পুলিশের এক সদস্যকে ছুরিকাঘাতের চেষ্টাকালে অপর এক ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করা হয় বলে জানিয়েছে পুলিশ। 

জেরুজালেম ও অধিকৃত পশ্চিমতীরে পাঁচ মাস ধরে চলা সহিংসতায় ইসরায়েলি বাহিনীর গুলিতে অন্তত ১৬৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদের মধ্যে ১০৭ জনকে ‘হামলাকারী’ বলে চিহ্নিত করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ।