২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নোবেল পুরস্কারের জন্য ট্রাম্পের নাম প্রস্তাব

নোবেল শান্তি পুরস্কারের জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্পের নাম প্রস্তাব করেছেন তারই কোনও এক ভক্ত।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2016, 10:11 PM

Updated : 12 Apr 2022, 01:21 AM

অসলোর ‘পিস রিসার্চ ইন্সটিটিউট’ এর পরিচালক হার্পভিকেন বুধবার সিএনএন কে একথা জানিয়েছেন। তবে ওই ভক্তর নাম জানান নি তিনি। তার বদলে ওই ব্যক্তির লেখা চিঠির ভাষার খানিকটা অনলাইনে তুলে ধরেন হার্পভিকেন।

চিঠিতে ট্রাম্পের প্রশংসা করে নোবেল পুরস্কারের জন্য বিতর্কিত এই ব্যক্তিত্বের নাম প্রস্তাবের পক্ষে যুক্তি দেখিয়ে বলা হয়েছে, “শক্তিশালী মতাদর্শের মাধ্যমে ট্রাম্প শান্তির পক্ষে খুব সবলভাবে অবস্থান নিয়েছেন। চরমপন্থি ইসলামি জঙ্গি আইএস, ইরান ও কমিউনিস্ট চীনকে নিবৃত্ত করতে তাদের বিরুদ্ধে তার এই অবস্থান হুমকি  হিসেবে কাজ করেছে।”

নির্বাচনী প্রচারে ট্রাম্প বারবার আইএস কে বোমা মেরে নিশ্চিহ্ন করে দেওয়ার অঙ্গীকার করা ছাড়াও চীনের সঙ্গে বাণিজ্যে আমদানি শুল্ক আরোপের হুমকি দিয়েছেন।

নোবেল কমিটি ঠিক কোন পন্থায় পুরস্কারের জন্য প্রার্থীকে মনোনয়ন দেয় সে ব্যাপারে বিস্তারিত কখনও কিছু জানায় না। তবে পুরস্কারের জন্য কোনো উল্লেখযোগ্য ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম প্রস্তাবের সুযোগ তারা খোলা রেখেছে।

নোবেল পুরস্কারের জন্য বিশ্বের হাজার হাজার মানুষ বিভিন্ন জনের নাম প্রস্তাব করতে পারেন। এদের মধ্য থেকে অনেককেই মনোনয়ন দেয় নোবেল শান্তি কমিটি।

তবে হার্পভিকেনের নোবেল শান্তি পুরস্কারের মনোনয়ন তালিকায় নেই ট্রাম্পের নাম । বরং এবছর এ পুরস্কারের জন্য তিনি সর্বাগ্রে রেখেছেন এডওয়ার্ড স্নোডেনের নাম। এরপর আছে ইরানের পরমাণু চুক্তির আলোচকরা, কলম্বিয়ার শান্তি আলোচকরা এবং গ্রিসের একটি দ্বীপবাসীরা।