২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের প্রস্তুতি নিচ্ছে’ উ. কোরিয়া

উত্তর কোরিয়া দূর-পাল্লার ক্ষেপণাস্ত্র ছোড়ার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রণালয় এবং জাপানের গণমাধ্যম।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2016, 09:11 PM

Updated : 12 Apr 2022, 01:21 AM

পূর্ব উপকূলে উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রবাহী একটি ভ্রাম্যমাণ ক্ষেপণাস্ত্র নিক্ষেপণ যন্ত্র নড়াচড়া করতে দেখা গেছে বলে বৃহস্পতিবার জানিয়েছে জাপানের সরকারি সম্প্রচার সংস্থা এনএইচকে।

পশ্চিম উপকূলে দূর-পাল্লার রকেট উৎক্ষেপণের প্রস্তুতিও লক্ষ্য করা গেছে বলে এনএইচকে’র খবরে জানানো হয়।

ওদিকে, দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইয়োনহাপের প্রতিবেদনে বৃহস্পতিবার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বরাত দিয়ে বলা হয়েছে, “ডংচ্যাং-রি এলাকার সোহাই উৎক্ষেপণ কেন্দ্রে ব্যাপক কর্মতৎপরতা লক্ষ্য করা গেছে।”

নিক্ষিপ্ত যে কোনও ক্ষেপণাস্ত্র ধ্বংস করার জন্য ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা প্রস্তুত রাখা হয়েছে বলে জানান মন্ত্রণালয়ের মুখপাত্র।

উত্তর কোরিয়া একটি রকেট উৎক্ষেপণের পরিকল্পনা করেছে। প্রতিবেশী দেশগুলোর আশঙ্কা, উত্তর কোরিয়া আরও একটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর পরিকল্পনা করেছে।

রকেট উৎক্ষেপণ পরিকল্পনা বাতিল করতে উত্তর কোরিয়ার উপর আন্তর্জাতিক অঙ্গনের চাপ বাড়ছে।

যদিও পিয়ংইয়ং এর দাবি তারা ‘পৃথিবী পর্যবেক্ষণকারী ভূ-উপগ্রহ’ উৎক্ষেপণের পরিকল্পনা করেছে।

যেকোনো ধরণের রকেট হামলা প্রতিরোধে জাপান তাদের সেনাবাহিনীকে প্রস্তুত রেখেছে।