২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘অ্যাসাঞ্জের পক্ষে যাচ্ছে’ জাতিসংঘ প্যানেলের সিদ্ধান্ত

উইকিলিকস প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে লন্ডনে নিবর্তনমূলকভাবে আটকে রাখা হয়েছে কি না- সেই প্রশ্নে জাতিসংঘের একটি ওয়ার্কিং গ্রুপ তার পক্ষেই প্রতিবেদন দিতে যাচ্ছে বলে বিবিসি জানিয়েছে।   

রয়টার্স

>>

রয়টার্স

Published : 04 Feb 2016, 04:08 PM

Updated : 20 Aug 2022, 11:47 AM

ধর্ষণের মামলায় সুইডেনে প্রত্যর্পণ এড়াতে ২০১২ সালের জুন থেকে লন্ডনের ইকুয়েডর দূতাবাসে অবস্থান করছেন অস্ট্রেলীয় নাগরিক অ্যাসাঞ্জ। তার অভিযোগ, ব্রিটিশ পুলিশের পীড়নমূলক আচরণের কারণে তিনি বের হতে পারছেন না।

তার অভিযোগের বিষয়ে জাতিসংঘের ‘নিবর্তনমূলক গ্রেপ্তার’ বিষয়ক ওয়ার্কিং গ্রুপ যে তদন্ত করেছে, তার প্রতিবেদন প্রকাশ করার কথা রয়েছে শুক্রবার।

অবশ্য তার আগেই বৃহস্পতিবার এক প্রতিবেদনে বিবিসি বলেছে, প্যানেলের সিদ্ধান্ত অ্যাসাঞ্জের পক্ষেই যাচ্ছে বলে তারা জানতে পেরেছে। আর এক টুইটে উইকিলিকস বলেছে, তারা ‘আনুষ্ঠানিক ঘোষণার’ অপেক্ষায় রয়েছে।

উইকিলিকস ২০১০ সালে যুক্তরাষ্ট্রের বিপুল সংখ্যক কূটনৈতিক নথি ফাঁস করে দিলে স্পর্শকাতর বিভিন্ন ঘটনায় যুক্তরাষ্ট্রের ভূমিকা ও অবস্থান গণমাধ্যমে চলে আসে, যা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বেকায়দায় পড়ে যায় বিশ্বের ‘সবচেয়ে ক্ষমতাধর’ দেশটি। ওই সময়ই বিশ্বব্যাপী আলোচনায় আসেন অ্যাসাঞ্জ।

সুইডেনের অনুরোধে যুক্তরাজ্যের পুলিশ  ২০১০ সালের ৭ ডিসেম্বর অ্যাসাঞ্জকে গ্রেপ্তার করে। নয় দিন পর কঠিন কয়েকটি শর্তে জামিন পান তিনি। পাসপোর্ট জমা রেখে দিনরাত গোড়ালিতে ইলেকট্রনিক ট্যাগ পরা অবস্থায় এক বন্ধুর বাড়িতে থাকার এবং প্রতিদিন থানায় হাজিরা দেওয়ার শর্তে তাকে মুক্তি দেওয়া হয়। 

এরপর অ্যাসাঞ্জ উচ্চ আদালতে গেলেও তাকে সুইডেনের কাছে হস্তান্তরের পক্ষে রায় আসে। ওই অবস্থায় ২০১২ সালের ১৯ জুন লন্ডনের ইকুয়েডর দূতাবাসে ঢুকে রাজনৈতিক আশ্রয় নেন অ্যাসাঞ্জ। তার আহ্বানেই ২০১৪ সালে জাতিসংঘ প্যানেল বিষয়টির তদন্ত শুরু করে। 

অ্যাসাঞ্জ দাবি করে আসছেন, জাতিসংঘ প্যানেলের সিদ্ধান্ত তার পক্ষে গেলে পাসপোর্ট ফিরিয়ে দেওয়ার পাশাপাশি গ্রেপ্তারি পরোয়ানাও প্রত্যাহার করে নিতে হবে।

অবশ্য বুধবার এক টুইটে তিনি বলেন, যুক্তরাজ্যে তাকে গ্রেপ্তারের বিষয়টি জাতিসংঘ প্যানেলের বৈধতা পেলে শুক্রবারই তিনি ব্রিটিশ পুলিশের হাতে ধরা দিতে পারেন।  

অ্যাসাঞ্জকে সত্যিই অন্যায়ভাবে আটকে রাখা হয়েছে বলে মনে করলে প্যানেল তার মুক্তির পাশাপাশি ক্ষতিপূরণ দেওয়ার কথা বলতে পারে।  

তবে যুক্তরাজ্য সরকারের তা মেনে চলার কোনো আইনি বাধ্যবাধকতা নেই বলে বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে।

যুক্তরাজ্যের একজন কর্মকর্তাকে উদ্ধৃত করে বিবিসি লিখেছে, সুইডেনে অ্যাসাঞ্জের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তুলে নেওয়া হলেও ধর্ষণের আরেকটি মামলা তদন্তাধীন। তার বিরুদ্ধে জারি করা ইউরোপীয় গ্রেপ্তারি পরোয়ানাও বহাল রয়েছে।

সুতরাং ইকুয়েডর দূতাবাস থেকে বের হলেই তাকে গ্রেপ্তার করা হতে পারে বলে আভাস দিয়ে রেখেছে লন্ডনের পুলিশ। 

পুরনো খবর:

তদন্তে দোষী হলে শুক্রবারই ‘ধরা দেবেন’ অ্যাসাঞ্জ