২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাজ্যে মালালার স্কুলে হামলার হুমকি

যুক্তরাজ্যে পাকিস্তানের নোবেল জয়ী কিশোরী মালালা ইউসুফজাইয়ের স্কুলসহ আরও ৮ টি স্কুলে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2016, 08:33 PM

Updated : 12 Apr 2022, 01:21 AM

ভারতের ‘দ্য হিন্দু’ পত্রিকার খবরে বলা হয়েছে, বার্মিংহামের এজবেস্টন গার্লস হাই স্কুলে পড়ছে মালালা। সোমবার ব্রিটেনের স্থানীয় সময় সকাল ৮টায় সেখানে ফোনে বোমা হামলার হুমকি  আসে।

ইংল্যান্ড এবং স্কটল্যান্ডের স্কুলগুলোতে মূলত এ হামলার হুমকি দেওয়া হয়। এর মধ্যে  ছয়টি স্কুলই বার্মিংহামের এবং দুটি গ্লাসগোর।

হুমকি পাওয়ার পরপরই ভবনগুলো থেকে সবাইকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।

তবে পুলিশের বিশ্বাস, ওই হুমকি আসলে ধাপ্পাবাজি। এর প্রেক্ষাপটে বার্মিংহামের স্কুলগুলোর শিক্ষার্থীরা আবার ক্লাসে ফিরে গেছে।

ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশের পক্ষ থেকে বলা হয়, “গত সপ্তাহে বেশ কয়েকটি স্কুলে যেভাবে হামলার হুমকি দেওয়া হয়েছিল, বার্মিংহামের  ছয়টি স্কুলেও একই ধরনের হুমকি দেওয়া হয়েছে। এই মুহূর্তে হুমকিগুলোর বিশ্বাসযোগ্যতার কোনো প্রমাণ আমরা পাইনি।”

“কারো জীবনের উপর কোনও হুমকি নেই এই বিষয়টি নিশ্চিত করতে এবং স্কুল কর্তৃপক্ষকে সহায়তা করতে আমাদের বেশ কয়েকজন কর্মকর্তাকে হুমকি পাওয়া স্কুলগুলোতে মোতায়েন করা হয়েছে। বিষয়টি নিয়ে আমরা তদন্ত করছি এবং এর পেছনে দায়ী ব্যক্তিদের খুঁজে বের করার চেষ্টা করছি।”

গ্লাসগোর স্কুল দুইটিতেও ‘অবাঞ্ছিত কিছু’ খুঁজে পাওয়া যায়নি বলে জানিয়েছে স্কটল্যান্ড কর্তৃপক্ষ।

স্কটল্যান্ড পুলিশের পক্ষ থেকে বলা হয়, “গ্লাসগোর দুইটি স্কুলে টেলিফোনে হুমকি দেওয়া হয়েছে। স্কুল কর্তৃপক্ষ এবং পুলিশ স্কুল দুইটির সবগুলো ভবন তল্লাশি করে অস্বাভাবিক কিছু খুঁজে পায়নি।”

“স্কুলগুলো স্বাভাবিক নিয়মে চলছে। বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে। এই মুহূর্তে পুলিশ ধারণা করছে, ফোন কলগুলো ভুয়া ছিল।”