২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইওয়ার লড়াইয়ে জয়ী ক্রুজ, হিলারি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে দলীয় প্রার্থী বাছাইয়ের ভোটাভুটিতে আইওয়ায় রিপাবলিকান পার্টির ভোটে ডোনাল্ড ট্রাম্পকে পরাস্ত করে জয়ী হয়েছেন টেক্সাসের সিনেটর টেড ক্রুজ। আর ডেমোক্র্যাট দলের ভোটে বার্নি স্যান্ডার্সকে হারিয়ে জয়ী হয়েছেন হিলারি ক্লিনটন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2016, 08:42 PM

Updated : 12 Apr 2022, 01:20 AM

বিবিসি’র খবরে বলা হয়েছে, ৯৯ শতাংশ ভোট গণনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও ফার্স্টলেডি হিলারি ক্লিনটন পেয়েছেন ৫০ শতাংশ ভোট। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বার্নি স্যান্ডার্স পেয়েছেন ৪৭ শতাংশ ভোট।

আইওয়ায় হিলারির নির্বাচনী প্রচার পরিচালক ম্যাট পল বলেন, হিলারি ক্লিনটন যে ভারমন্টের সিনেটর বার্নি স্যান্ডার্সকে হারিয়েছেন এ ব্যাপারে ‘কোনো সংশয়’ নেই ।

একই রাজ্যে এদিন রিপাবলিকান ককাসে জয়ী হন টেক্সাসের সিনেটর টেড ক্রুজ। তিনি ডোনাল্ড ট্রাম্প ও মার্কো রুবিওকে পরাস্ত করেছেন। দলীয় প্রার্থী বাছাইয়ের এ নির্বাচনে ৯৯ শতাংশ ভোট গণনায় টেড ক্রুজ পেয়েছেন ২৬ শতাংশ ভোট।

ওদিকে, বিতর্কিত নানা বক্তব্যের কারণে আলোচিত-সমালোচিত হলেও রিপাবলিকান দলের আরেক মনোনয়নপ্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প ২৩ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে আছেন। এছাড়া সিনেটর মার্কো রুবিও আছেন তৃতীয় অবস্থানে।