কাবুলে আত্মঘাতী বোমায় নিহত ১০
আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি পুলিশ কার্যালয়ের বাইরে আত্মঘাতী বোমা হামলায় ১০ জন নিহত ও ২০ জন আহত হয়েছে।
উপ-স্বরাষ্ট্রমন্ত্রী আইয়ুব সালাঙ্গি স্যেশাল মিডিয়া ওয়েবসাইটে সোমবারের এ হামলায় হতাহতের সংখ্যা জানান এবং এদের বেশিরভাগই বেসামরিক নাগরিক বলে উল্লেখ করেন।
শহরের পশ্চিমাঞ্চলে দেহমাজাং এলাকায় এ হামলার দায় এক বিবৃতিতে স্বীকার করেছে তালেবান। তারা হামলায় ৪০ জন পুলিশ কর্মকর্তা নিহত হওয়ার দাবি করেছে।
একজন প্রত্যক্ষদর্শী ঘটনাস্থলে তিনটি মৃতদেহ এবং আরও বহু আহত মানুষকে পড়ে থাকতে দেখার কথা জানিয়েছেন।
আফগানিস্তানে পশ্চিমা সমর্থিত সরকারের বিরুদ্ধে তালেবান জঙ্গিরা হামলা জোরদার করার পর থেকে কাবুলে গতমাসে কয়েক দফা আত্মঘাতী হামলা হয়েছে।
বর্তমানে তালেবানের সঙ্গে আফগান সরকারের বন্ধ হয়ে যাওয়া শান্তি আলোচনা নতুন করে শুরুর চেষ্টার এ সময়ে ফের আত্মঘাতী হামলার ঘটনা ঘটছে।
