২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কানাডায় গুলিতে নিহত ২

কানাডার সবচেয়ে বড় শহর টরন্টোর চায়নাটাউনে গুলিবর্ষণের এক ঘটনায় দুইজন নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2016, 02:49 PM

Updated : 12 Apr 2022, 01:20 AM

বার্তা সংস্থা রয়টার্স ও টরন্টোর সিটিভি নিউজ বলছে, রোববার ভোররাতের এ ঘটনায় আরো তিনজন গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

ওই দিন ভোররাতে প্রায় ৩টা ২০ মিনিটের দিকে চায়নাটাউনের নিউ হো কিং রেস্তোরাঁর বাইরে স্পাদিনা অ্যাভিনুয়ে এ ঘটনা ঘটে।  

জরুরি চিকিৎসা কর্মীরা জানিয়েছেন, একজন ঘটনাস্থলেই নিহত হয়েছেন এবং অপরজনকে সঙ্কটাপন্ন অবস্থায় হাসপাতালে নেওয়ার পর সেখানে তার মৃত্যু হয়।

পরবর্তী সময়ে গণমাধ্যমে দেওয়া বিবৃতিতেও একই কথা জানিয়েছেন গোয়েন্দা সার্জেন্ট মাইক কার্বন। 

তদন্ত প্রাথমিক পর্যায়ে রয়েছে জানিয়ে তিনি বলেন, “বাদানুবাদের এক পর্যায়ে এ ঘটনা ঘটেছে বলে মনে হচ্ছে।”

প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে তদন্তকারীরা ঘটনার মোটিভ বের করার চেষ্টা করছেন বলে জানিয়েছেন কার্বন।

ঘটনায় জড়িত সন্দেহভাজন কারো নাম প্রকাশ করেনি কর্তৃপক্ষ।

কঠোর আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ আইন থাকায় যুক্তরাষ্ট্রের তুলনায় কানাডায় নির্বিচার হত্যাকাণ্ডের ঘটনা তুলনামূলকভাবে কম। কিন্তু চলতি মাসের প্রথমদিকেও দেশটির সাসকাচেওয়ান  প্রদেশের প্রত্যন্ত একটি শহরে নির্বিচার গুলিবর্ষণের এক ঘটনায় চারজন নিহত ও সাতজন আহত হয়েছেন।