মেক্সিকোয় গুজম্যানের দলের বিরুদ্ধে অভিযানে নিহত ২
মেক্সিকোর যুক্তরাষ্ট্র সীমান্তের কাছে দেশটির সবচেয়ে শক্তিশালী অপরাধী চক্র সিনালোয়ার একটি আস্তানায় অভিযান চালিয়ে দলটির ২২ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবারের এ অভিযানে দলটির দুই সদস্য নিহত হন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর কর্মকর্তারা। অভিযানে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্রও উদ্ধার করা হয়।
রোববার এক বিবৃতিতে মেক্সিকোর কেন্দ্রীয় পুলিশ জানায়, যুক্তরাষ্ট্র সীমান্তের কাছে ছোট একটি মেক্সিকান শহরের কাছাকাছি মরুভূমির মধ্যে আস্তানা গেড়ে একটি সশস্ত্র গোষ্ঠী মাদক ও মানব পাচার করে আসছিল। কেন্দ্রীয় পুলিশ সেখানকার একটি ভবন ঘিরে ফেললে চক্রের দুই সদস্য পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়তে থাকে, পুলিশের পাল্টা গুলিতে ওই দুজন নিহত হন।
যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর কর্তৃপক্ষ অত্যন্ত গোপনীয়তা রক্ষা করে এই অভিযানটি পরিচালনা করে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন ও কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই)।
সিনালোয়ার প্রধান কুখ্যাত অপরাধী জোয়াকুইন ‘এল চ্যাপো’ গুজম্যানকে গ্রেপ্তার করার কয়েক সপ্তাহের মধ্যে চালানো এ অভিযান চক্রটির জন্য ‘বড় ধরনের আঘাত’ হয়ে দেখা দেবে বলে দাবি করেছেন অভিযানের সঙ্গে যুক্ত কর্মকর্তারা।
ছয় মাস আগে ‘এল চ্যাপো’ জেল থেকে পালানোর পর সম্প্রতি ফের তাকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার রাতে দেওয়া এক বিবৃতিতে আইসিই-র মুখপাত্র গিলিয়ান ক্রিস্টিয়েনসেন বলেন, “স্পর্শকাতর হওয়ার কারণে কঠোর গোপনীয়তা অবলম্বন করে অভিযানটি চালানো হয়। অপরাধীদের হতচকিত করে দেওয়ার পাশাপাশি অভিযানের সঙ্গে যুক্ত মেক্সিকোর আইন প্রয়োগকারী কর্মকর্তাদের নিরাপত্তার বিষয়টিও বিবেচনায় রাখা হয়।”
অভিযানে নিহত ও গ্রেপ্তার সন্দেহভাজন অপরাধীদের নাম প্রকাশ করা হয়নি। তবে গ্রেপ্তাররা সিনালোয়া চক্রের উপরের স্তরের সদস্য বলে জানা গেছে।
মেক্সিকান পুলিশের বিবৃতিতে সিনালোয়া চক্রের নাম উল্লেখ করা হয়নি এবং গ্রেপ্তারদের মধ্যে চক্রটির কোনো গুরুত্বপূর্ণ সদস্য আছেন এমনটিও বলা হয়নি।
কেন্দ্রীয় পুলিশের ওই বিবৃতিতে আড়ার্ইশ গ্রাম গাঁজা ও ১৫টি স্বয়ংক্রিয় রাইফেলসহ ১৮টি অস্ত্র উদ্ধারের কথা জানানো হয়েছে।
তবে কেন্দ্রীয় পুলিশের একজন মুখপাত্র গ্রেপ্তাররা সিনালোয়া চক্রের সদস্য বলে নিশ্চিত করেছেন।
