২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রিটেনের ডোভারে অভিবাসন-বিরোধী সংঘর্ষ, গ্রেপ্তার ৯       

যুক্তরাজ্যের বন্দর শহর ডোভারে অভিবাসন-বিরোধীদের সঙ্গে বর্ণবাদ-বিরোধীদের সংঘর্ষর পর নয়জনকে গ্রেপ্তার করেছে ব্রিটিশ পুলিশ। 

রয়টার্স

>>

রয়টার্স

Published : 31 Jan 2016, 03:50 PM

Updated : 12 Apr 2022, 01:19 AM

শনিবারের ওই সংঘর্ষে স্মোক বোমা ও ইটের টুকরা ছোঁড়া হয়েছে বলে গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।

ন্যাশনাল ফ্রন্টের মতো উগ্র-ডানপন্থি গোষ্ঠীগুলোর অনুসারীদের সঙ্গে কেন্ট অ্যান্টি-ফ্যাসিস্ট নেটওয়ার্কের মতো বর্ণবাদ বিরোধী গোষ্ঠীগুলোর সমর্থকদের সংর্ঘর্ষ হয়। উগ্র-ডানপন্থিরা বর্ণবাদ বিরোধী আন্দোলনকারীদের সমাবেশে এসে হামলা চালায়।

এতে ইংলিশ চ্যানেলের তীরবর্তী বন্দর-শহরটিতে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে।

স্থানীয় কেন্ট কাউন্টির পুলিশ জানায়, এ সংঘর্ষের ঘটনায় ছয়জন আহত হয়েছেন। এদের একজনের হাত ভেঙে গেছে ও অন্য পাঁচজন সামান্য আঘাত পেয়েছেন। 

এ ঘটনায় জড়িত সন্দেহে ডোভার থেকে তিনজনকে এবং নিকটবর্তী মোটরওয়ে সার্ভিস স্টেশন থেকে আরো ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ইউরোপ ও বিশ্বের অন্যান্য অংশ থেকে আসা বাড়তে থাকা অভিবাসীর সংখ্যা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে যুক্তরাজ্য। অতিরিক্ত অভিবাসীর আগমণে দেশের সরকারি সার্ভিসগুলোতে চাপ পড়ার আশঙ্কা করছে দেশটির সরকার।

নতুন অভিবাসীদের যুক্তরাজ্যে প্রবেশের প্রধান পথ ডোভার হওয়ায় এটি অভিবাসন বিরোধীদের প্রতিবাদ প্রদর্শনের একটি প্রতীকী কেন্দ্র। ইংলিশ চ্যানেলে পেরিয়ে ডোভারের অপর পারে ফ্রান্সের ক্যালে শহর, এখান থেকে ফেরিতে বা ট্রেনে তুলনামূলক কম সময়ে যুক্তরাজ্যে যাওয়া যায়।

গত কয়েক বছরে আফ্রিকার ও মধ্যপ্রাচ্যের যুদ্ধপীড়িত ও দরিদ্র দেশগুলো থেকে পালিয়ে আসা হাজার হাজার শরণার্থী ডোভারে এসে জড়ো হন, এখানে অবস্থান করে যুক্তরাজ্যের প্রবেশের চেষ্টা করতে থাকেন তারা।