২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্রান্সের বিচারমন্ত্রীর পদত্যাগ

সন্ত্রাস-বিরোধী একটি বিতর্কিত প্রস্তাব নিয়ে বিরোধে পদত্যাগ করেছেন ফ্রান্সের বিচারমন্ত্রী ক্রিশ্চিয়ান তোহিবা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2016, 07:58 PM

Updated : 12 Apr 2022, 01:18 AM

সন্ত্রাসে অভিযুক্তদের ফরাসি নাগরিকত্ব কেড়ে নেওয়ার বিধান সম্বলিত বিতর্কিত বিলটি পার্লামেন্টে উত্থাপনের আগ মুহূর্তে সরে দাঁড়ালেন তিনি।

ফ্রান্সের রাজধানী প্যারিসে গত ১৩ নভেম্বরের ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১৩০ জন নিহত হওয়ার পর দেশটিতে সন্ত্রাসের অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের নাগরিকত্ব বাতিলের পরিকল্পনা পেশ করা হয়।

তোহিবা এর বিপক্ষে অবস্থান নিয়েছিলেন বলে জানিয়েছে বিবিসি। নাগরিকত্ব ছিনিয়ে নেওয়ার বিষয়ে ফ্রান্সের প্রধানমন্ত্রীর সংবিধান সংস্কারের প্রস্তাব পেশ করার মাসখানেকের মাথায় পদত্যাগ করলেন তোবিহা। 

প্রেসিডেন্ট প্রাসাদের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া অলন্দ তোবিহার পদত্যাগের সিদ্ধান্ত মেনে নিয়েছেন।

“আজ থেকে সংবিধান পুনর্বিবেচনা বিষয়ে জাতীয় সংসদে বিতর্ক শুরু হবে। ঠিক এ সময়ে তোবিহার পদত্যাগের প্রয়োজনীয়তার বিষয়ে তারা একমত হয়েছেন।”

তোহিবার স্থলাভিষিক্ত করা হয়েছে বিতর্কিত ওই প্রস্তাবের সমর্থক জ্যঁ জ্যাকিও ভোয়াসকে।

ফ্রান্সে জন্মগ্রহণ করা দ্বৈত নাগরিকদের অপরাধ কর্মকাণ্ডের কারণে তাদের নাগরিকত্ব ছিনিয়ে নেওয়ার বিষয়টি সহজ করার জন্য ডিসেম্বরে সংবিধান সংস্কারের প্রস্তাব দিয়েছিলেন প্রধানমন্ত্রী ম্যানুয়েল ভালস।

১৩ নভেম্বর প্যারিসে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর অভিবাসন আইন আরও কঠোর করার জন্য সংবিধান সংস্কারের এ প্রস্তাব দেওয়া হয়।

বিতর্কিত ওই প্রস্তাব নিয়ে সরাসরি আপত্তি তুলেছিলেন তোবিহা। তখন তিনি বলেছিলেন, “এ সিদ্ধান্ত সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে কোনোভাবেই সহায়ক হবে না।”

ট্যুইটে তিনি বলেন, “কোনো বিষয়ে অবিচল থাকাই প্রতিরোধ, আর কোনো কিছু নিয়ে প্রতিরোধের অর্থ সরে দাঁড়ানো।”

ফ্রান্সে যে অল্প কয়েকজন কৃষ্ণাঙ্গ ব্যক্তি রাজনীতির শীর্ষ পর্যায়ে রয়েছেন তোবিহা তাদের একজন। ফ্রেঞ্চ গুইয়ানায় জন্মগ্রহণ করা তোবিহাকে ক্ষমতায় থাকার সময় ডানপন্থিদের বর্ণবাদী বিদ্রুপের শিকার হতে হয়েছে।

বিবিসি’র প্রতিবেদনে বলা হয়, দলীয় বিভিন্ন কৌশলগত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে নিজ দলের অন্যান্যদের সঙ্গেও তোবিহার মতবিরোধ দেখা দিয়েছে,বিশেষ করে নভেম্বরের প্যারিস হামলার পর থেকে।

বুধবার জাতীয় সংসদে একটি কমিটির কাছে সংবিধান সংস্কারের প্রস্তাবটিপেশ করবেন প্রধানমন্ত্রী। আগামী সপ্তাহে সংসদে প্রস্তাবটি নিয়ে ভোটাভুটি হতে পারে।

সংস্কার প্রস্তাবে দেশ জুড়ে জরুরি অবস্থা জারির সাংবিধানিক অধিকারের কথাও বলা হয়েছে। এটি হলে ফ্রান্স সরকারের জন্য জরুরি অবস্থা ঘোষণা করা আরও সহজ হবে। সেইসঙ্গে সরকার চাইলে যেকোনো জায়গায় সরাসরি পুলিশি অভিযান চালাতে ও যে কাউকে গৃহবন্দি করতে পারবে।