২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইতালিতে নগ্নমূর্তি দেখতে হলো না রুহানিকে

ইতালি সফররত ইরানি প্রেসিডেন্ট হাসান রুহানিকে সম্মান প্রদর্শন করতে রোমের ক্যাপিটোলাইন মিউজিয়ামের নগ্নমূর্তিগুলো ঢেকে দিয়েছিল কর্তৃপক্ষ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2016, 11:49 AM

Updated : 11 Oct 2022, 07:40 PM

বিবিসি বলছে, দেশটির বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো ইরানের সঙ্গে ব্যবসায়িক চুক্তি করার পর রাজধানীর ওই জাদুঘরে রুহানি ও ইতালীয় প্রধানমন্ত্রী মাত্তেও রেনজি পরস্পরের সঙ্গে কথা বলেন।

তখন ইরানি প্রেসিডেন্টকে বিব্রত না করতে জাদুঘরটিতে রাখা বেশ কয়েকটি নগ্নমূর্তি ঢেকে রাখা হয়।

ইরানের প্রেসিডেন্টের সম্মানে দেওয়া রাষ্ট্রীয় ভোজসভার মেন্যুতে ঐতিহ্য সত্বেও ওয়াইন পরিবেশন করা হয়নি।

ইতালি থেকে ফ্রান্সে যাওয়ার কথা রয়েছে রুহানির। তবে ফ্রান্স রাষ্ট্রীয় ভোজসভার ক্ষেত্রে ইতালিকে অনুসরণ করবে না বলে জানিয়ে দিয়েছে।

ইসলামিক প্রজাতন্ত্র ইরানে মদপানের ওপর কঠোর বিধিনিষেধ রয়েছে।

পরমাণু প্রকল্প নিয়ে ইরানের উপর আরোপিত বিভিন্ন আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর অর্থনৈতিক সম্পর্ক ঝালাই করে নিতে পাঁচ দিনের ইউরোপ সফরে আছেন রুহানি।

ইতালির ব্যবসায়ীদের উদ্দেশে দেওয়া ভাষণে রুহানি বলেন, “পুরো অঞ্চলজুড়ে (মধ্যপ্রাচ্য) ইরান সবচেয়ে নিরাপদ এবং স্থিতিশীল দেশ।”

চরমপন্থা মোকাবিলায় অর্থনৈতিক সমৃদ্ধি প্রধান চাবিকাঠি হতে পারে বলে ভাষণে জোরালোভাবে উল্লেখ করে তিনি বলেন, “বেকারত্ব সন্ত্রাসের সেনা তৈরি করে।”

Image
ইরানি প্রেসিডেন্ট হাসান রুহানি। ছবি: রয়টার্স

ইরানি প্রেসিডেন্ট হাসান রুহানি। ছবি: রয়টার্স

সোমবার ইতালি ও ইরানি কোম্পানিগুলোর মধ্যে এক হাজার ৮৪০ কোটি ডলারের বাণিজ্য চুক্তি সই হয়েছে।

মঙ্গলবার রুহানি ভ্যাটিকানে পোপ ফ্রান্সিসের সঙ্গেও সাক্ষাৎ করেন। ভ্যাটিকান জানিয়েছে, সাক্ষাতে ইরানি প্রেসিডেন্টকে সন্ত্রাস ও অস্ত্র চোরাচালানের বিরুদ্ধে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোর সঙ্গে কাজ করার আহ্বান জানান পোপ।

ফ্রান্স সফরে বুধবার প্যারিস যাবেন রুহানি। সেখানেও ইরানি কোম্পানিগুলোর সঙ্গে ফরাসি কোম্পানিগুলোর বড় ধরনের বাণিজ্যিক চুক্তি হবে বলে ধারণা করা হচ্ছে।

এ সফরে ফরাসি কোম্পানি এয়ারবাসের কাছ থেকে ইরানের ১০০টিরও বেশি উড়োজাহাজ কেনার চুক্তি চূড়ান্ত করারও কথা রয়েছে।