২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৬৮ কোটি ডলার উপহার পেয়েছিলেন নাজিব!

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাককে অপরাধমূলক কাজ বা দুর্নীতির অভিযোগ থেকে মুক্ত ঘোষণা করেছেন দেশটির অ্যাটর্নি জেনারেল। 

রয়টার্স

>>

রয়টার্স

Published : 26 Jan 2016, 03:52 PM

Updated : 12 Apr 2022, 01:17 AM

নাজিবের ব্যক্তিগত ব্যাংক একাউন্টে জমা হওয়া ৬৮ কোটি ১০ লাখ ডলার সৌদি রাজপরিবারের উপহার ছিল বলে মঙ্গলবার জানিয়েছেন তিনি।  

মালয়েশীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত ব্যাংক হিসাবে জমা হওয়া এ বিপুল পরিমাণ অর্থ নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছিল। প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করে আসছিল বিরোধী দলগুলো।

প্রধান বিরোধীদলীয় নেতা অ্যাটর্নি জেনারেলের ঘোষণার নিন্দা জানিয়ে বলেছেন, প্রধানমন্ত্রী কর্তৃক অ্যাটর্নি জেনারেলের নিয়োগের মধ্যেই পারস্পরিক স্বার্থের ব্যাপার ছিল। 

মালয়েশিয়ার দুর্নীতি দমন কমিশন (এমএসিসি) এর আগে বলেছিল, এই তহবিল মধ্যপ্রাচ্যের এক অজ্ঞাত দাতার দেওয়া রাজনৈতিক চাঁদা। 

ব্যক্তিগত হিসাবে আসা রহস্যময় এই তহবিল নিয়ে কেলেঙ্কারির মুখে ছিলেন প্রধানমন্ত্রী নাজিব।  

গেল বছরের মাঝামাঝি কেলেঙ্কারি নিয়ে হইচইয়ের সর্বোচ্চ পর্যায়ে তৎকালীন অ্যাটর্নি জেনারেল আব্দুল গনি পাতাইলকে সরিয়ে তার জায়গায় মোহাম্মদ আপান্দি আলিকে নিয়োগ দেন নাজিব। 
অ্যাটর্নি জেনারেলের উপরই এই কেলেঙ্কারি তদন্তের দায়িত্ব ছিল যা শুরু করেছিলেন পাতাইল।  

কেন্দ্রীয় আদালতের সাবেক বিচারক আপান্দি নাজিবের ইউনাইটেড মালয় ন্যাশনাল অর্গানাইজেশন (ইউএমএনও) দলের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত। 

তড়িঘড়ি করে ডাকা এক সংবাদ সম্মেলনে আপান্দি বলেন, “তদন্তে যা বের হয়েছে তাতে আমি সন্তুষ্ট। তহবিলটি দুর্নীতি বা ঘুষ বাবদ আসেনি।”

“প্রধানমন্ত্রী নাজিবের কাছে এসব চাঁদার অর্থ কেন পাঠানো হয়েছিল তার কোনো কারণ পাওয়া যায়নি, এটা প্রধানমন্ত্রী ও সৌদি রাজপরিবারের মধ্যকার বিষয়,” বলেন আপান্দি।

এক বিবৃতিতে আপান্দি জানিয়েছেন, তহবিল আসার পাঁচমাস পর ২০১৩ সালের অগাস্টে ৬২ কোটি ডলার সৌদি রাজপরিবারের কাছে ফেরত পাঠানো হয়, কারণ টাকাগুলো ব্যবহৃত হচ্ছিল না। 

মালয়েশিয়ার দুর্নীতি দমন কমিশনের দেওয়া তিনটি তদন্ত প্রতিবেদনে নাজিবের বিরুদ্ধে কোনো অপরাধের অভিযোগ আনা হয়নি এবং এ কারণে এ বিষয়ে আর কোনো পদক্ষেপ নেওয়া হবে না বলে জানিয়েছেন তিনি।