২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পূর্ব এশিয়ায় শৈত্যপ্রবাহ: তাইওয়ানে মৃত ৮৫

তাপমাত্রা রেকর্ড পরিমাণ কমে যাওয়ার সঙ্গে সঙ্গে কনকনে ঠান্ডা বাতাসে পূর্ব এশিয়ার দেশগুলোর জনগণ চরম ভোগান্তিতে পড়েছে। ঠান্ডাজনিত কারণে বেশ কয়েকজনের মৃত্যুর খবরও পাওয়া গেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2016, 07:46 PM

Updated : 12 Apr 2022, 01:17 AM

বিবিসি'র প্রতিবেদনে বলা হয়, প্রচণ্ড ঠান্ডায় তাইওয়ানে অন্তত ৮৫ জনের মৃত্যু হয়েছে। দক্ষিণ কোরিয়ায় আটকা পড়েছে ৬০ হাজারের বেশি পর্যটক।

তাইওয়ানের গণমাধ্যমগুলো জানায়, দুইদিন ধরে হঠাৎ করেই তাপমাত্রা দ্রুত কমে যাওয়ায় হাইপোথারমিয়া ও হৃদরোগে কয়েক ডজন মানুষের মৃত্যু হয়েছে।

নিহতদের মধ্যে অধিকাংশই বয়স্ক মানুষ। উত্তরাঞ্চলে বিশেষ করে তাইপে এবং তাওইউয়ানে সবচেয়ে বেশি মানুষ মারা গেছে। ওই অঞ্চলে ৬৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

দক্ষিণের শহর কাওসিউংয়ে আরও ১৬ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছে বিবিসি।

৫৬ বছরের এক ব্যক্তিকে রোববার সকালে রাস্তায় মরে পড়ে থাকতে দেখা গেছে বলে জানিয়েছে গণমাধ্যম ফোকাস তাইওয়ান। নিউ তাইপে সিটি ও এর আশেপাশের এলাকায় পাওয়া যায় বেশির ভাগ মৃতদেহ।

রাজধানী তাইপে সিটির তাপমাত্রা ১৬ বছরের মধ্যে সবচেয়ে কম রেকর্ড করা হয়েছে। রোববার সেখানে তাপমাত্রা ছিল ৪ ড্রিগ্রি সেন্টিগ্রেড।

ওদিকে, দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় পর্যটন কেন্দ্র জেজু দ্বীপে তিন দশকের মধ্যে সবচেয়ে বেশি তুষারপাত হয়েছে।

বিবিসি বলছে, এতে শত শত বিমান ফ্লাইট বাতিল করা হয়েছে। এর ফলে দ্বীপটিতে যারা ভ্রমণ করতে গিয়েছেন তারা আটকা পড়েছেন।

১১ সেন্টিমিটার (চার দশমিক তিন ইঞ্চি) তুষারপাতের কারণে রোববারের সূচিতে থাকা ৫১৭টি ফ্লাইটের সবগুলোর যাত্রা বাতিল করা হয়েছে। সোমবারের প্রায় ৬০টি ফ্লাইটও বাতিল করা হয়েছে।

অপরদিকে প্রায় ৬০ বছরের মধ্যে রেকর্ড নিম্ন তাপমাত্রায় কাঁপছে হংকংবাসী। বন্দর এ শহরটিতে তাপমাত্রা নেমে তিন ডিগ্রি সেলসিয়াসে দাঁড়িয়েছে।

নগর সরকারের এক ওয়েবসাইটে বলা হয়েছে, “হংকংয়ে প্রচণ্ড শীত পড়েছে ও শীতল বাতাস বইছে। লোকজনকে গরম কাপড় পড়ে থাকার এবং শীতল বাতাসে বেশিক্ষণ না থাকার পরামর্শ দেওয়া হয়েছে।”

আবহাওয়ার খবরে হংকংয়ের সবচেয়ে উঁচু পর্বত তাই মো শানে পানির উপর হালকা বরফের আস্তরণ পড়তে পারে বলে আভাস দেওয়া হয়েছিল।

“আবহাওয়া বার্তা শুনে মনে হল এখানে বরফ জমতে পারে, তাই তা খুঁজে দেখতে এসেছি। কিন্তু বৃষ্টির কবলে পড়েছি। ভোর ৪টার দিকে ভারী বৃষ্টি হওয়ায় আমি আর উপরে যেতে পারছি না,” বলেন এক ব্যক্তি।

আরেক জন বলেন, “পর্যাপ্ত পোশাক পরে থাকলে ঠাণ্ডাটা অত খারাপ লাগবে না।”

তৃতীয় আরেক জন বলেন, “আমার জন্য এ অনেক ঠাণ্ডা। হংকংয়ে এত ঠাণ্ডা পড়ার কথা নয়। এটা হংকং নয়।”

কয়েক দশকের মধ্যে সবচেয়ে ঠাণ্ডা আবহাওয়ার মুখে দ্বিতীয় সর্বোচ্চ আবহাওয়া সতর্কর্তা জারি করেছে চীন।

সামাজিক যোগাযোগ মাধ্যম ওয়েইবোতে রাষ্ট্রীয় সংবাদপত্র ‘পিপলস ডেইলি’ জানিয়েছে, ১৯২৯ সালের পর থেকে এই প্রথমবারের মতো গুয়াংজুতে তুষারপাতের ঘটনা রেকর্ড করা হয়েছে।

জাপানি বার্তা সংস্থা কিয়োডো জানিয়েছে, ২৪ ঘণ্টায় আবহাওয়াজনিত দুর্ঘটনায় দেশটিতে পাঁচজনের মৃত্যু হয়েছে ও ১০০ জনেরও বেশি আহত হয়েছে।

এছাড়া দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর কাগোশিমা থেকে ৩৮০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমের ক্রান্তীয় দ্বীপ আমামিতে ১১৫ বছরের মধ্যে প্রথম তুষারপাত হয়েছে।