নিউ ইয়র্কে রেকর্ড সংখ্যক পর্যটক সমাগম
সন্ত্রাসী হামলার আশঙ্কার মধ্যেও যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে গতবছর রেকর্ড সংখ্যক পর্যটক সমাগম হয়েছে।
নগর কর্মকর্তারা বলেন, ২০১৫ সালে প্রায় ছয় কোটি মানুষ নিউ ইয়র্ক ভ্রমণ করেছে।
গত বছর বিশ্বের বড় বড় কয়েকটি শহরে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এর মধ্যে নভেম্বরে ফ্রান্সের রাজধানী প্যারিসে সন্ত্রাসী হামলায় ১৩০ জন প্রাণ হারিয়েছে। যুক্তরাষ্ট্রের কয়েকটি শহরেও হামলার ঘটনা ঘটেছে।
তবে নিউ ইয়র্ক কর্তৃপক্ষ বরাবরই দাবি করেছে, যেকোনো ধরনের হামলা মোকাবেলা করার ক্ষমতা তাদের রয়েছে।
থ্যাংকসগিভিং ডে প্যারেড এবং টাইমস স্কয়ারে বর্ষবরণ উৎসব ঘিরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছিল নিউ ইয়র্ক সিটি পুলিশ বিভাগ।
২০১৬ সালকে স্বাগত জানাতে নিউ ইয়র্ক টাইমস স্কয়ারে প্রায় ১০ লাখ মানুষ জড়ো হয়েছিল বলে জানান কর্মকর্তরা।
এক বিবৃতিতে নিউইয়র্কের মেয়র বিল দে ব্লাসিও বলেন, “নিউ ইয়র্ক আমেরিকার বড় শহরগুলোর মধ্যে সবচেয়ে নিরাপদ এবং সবচেয়ে আকর্ষণীয়।”
নিউ ইয়র্কে সরকার স্বীকৃত পর্যটন ও বিপণন সংস্থা-এনইউসি অ্যান্ড কোম্পানির তথ্যমতে, ২০১৫ সালে নগরীর এক লাখের বেশি হোটেলকক্ষ বুকিংয়ের হার রেকর্ড ছাড়িয়েছিল।
যুক্তরাজ্য, কানাডা, ব্রাজিল ও চীনের পর্যটকরা সবচেয়ে বেশি সংখ্যায় নিউ ইয়র্ক ভ্রমণ করেছে।
কর্মকর্তারা বলেন, আন্তর্জাতিক পর্যটকদের কাছে ভ্রমণের জন্য নিউ ইয়র্ক খুবই জনপ্রিয়।
