গ্রিসে নৌকাডুবিতে ৪২ শরণার্থীর মৃত্যু
ইজিয়ান সাগরে গ্রিসের কালোলিমনোস ও ফারমাকোনিসি দ্বীপে পৃথক দুটি নৌকাডুবির ঘটনায় ৪২ শরণার্থী নিহত হয়েছে।
এর মধ্যে কালোলিমনোস দ্বীপে নৌকাডুবিতে মারা যায় ১১ শিশুসহ ৩৪ জন। আর ফারমাকোনিসিতে মারা যায় ৮ জন।
শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে উপকূলরক্ষীরা। কালোলিমনোস দ্বীপের কাছে ডুবে যাওয়া নৌকা থেকে ২৬ জনকে উদ্ধারের কথা জানিয়েছে তারা। আর উদ্ধার পাওয়া ৩৪ টি লাশের মধ্যে ১১ জন শিশু ছাড়াও রয়েছে ১৬ জন নারী ও ৭ জন পুরুষ।
নৌকাটিতে কত যাত্রী ছিল তা জানা যায়নি। তবে এ সংখ্যা ১০০ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বাদবাকীদের উদ্ধারের চেষ্টা চলছে।
ফারমাকোনিসি দ্বীপের কাছের নৌকাটি ৪৮ জন যাত্রী নিয়ে ডুবে যায়। এর মধ্যে ৪০ জন উপকূলে পৌঁছতে সক্ষম হয়। উদ্ধার করা হয় একটি বালিকাসহ ৬ শিশু ও এক নারীর লাশ।
বিবিসি জানায়, অবৈধভাবে সাগরপাড়ি দিয়ে গত বছর ইউরোপে পৌঁছেছে ১০ লাখেরও বেশি শরণার্থী। এর মধ্যে তুরস্ক থেকে গ্রিসে যাওয়ার পথে ইজিয়ান সাগরে মারা গেছে ৭০০’র বেশি মানুষ। এবছরও ইজিয়ান সাগরে আরও অন্তত ১০০ জনের মৃত্যু হয়েছে।
শরণার্থী সঙ্কট নিয়ে আলোচনার জন্য শুক্রবার বার্লিনে তুরস্কের প্রধানমন্ত্রী আহমেত দাভুতগলুর সঙ্গে বৈঠক করেছেন জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা মের্কেল।
শরণার্থী সঙ্কট ইউরোপকে গভীর সঙ্কটের দিকে ঠেলে দিচ্ছে বলে সতর্ক করেছেন ফ্রান্সের প্রধানমন্ত্রী। বিবিসি’কে তিনি বলেন, “ইরাক এবং সিরিয়ার যুদ্ধ থেকে পালিয়ে আসা সব শরণার্থীকে ইউরোপ নিতে পারে না। সব শরণার্থী নেওয়া হলে তা আমাদের সমাজকে অস্থিতিশীল করে তুলতে পারে।”
