২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তর কোরিয়ায় মার্কিন ছাত্র গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রের এক বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে আটক করেছে উত্তর কোরিয়া।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2016, 07:07 PM

Updated : 25 Jul 2022, 09:19 PM

‘বৈরি কর্মকাণ্ড’ এবং ‘দেশের ঐক্য বিনষ্ট’ করার অভিসন্ধির কারণে তাকে শুক্রবার আটক করা হয়।

এ নিয়ে উত্তর কোরিয়ায় তৃতীয় পশ্চিমা নাগরিক আটক হল। সে ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং তার নাম ওটো ফ্রেডরিক ওয়ামর্মবিয়ার বলে জানিয়েছে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় কেসিএনএ বার্তা সংস্থা।

কেসিএনএ জানায়, ফ্রেডরিক ওয়ার্মবিয়ার পর্যটক হিসাবে উত্তর কোরিয়ায় প্রবেশ করেছিলেন দেশেটির ঐক্য বিনষ্ট করার অভিসন্ধি নিয়ে। যুক্তরাষ্ট্রই একাজে তাকে ব্যবহার করেছে।

চীন-ভিত্তিক ‘ইয়াং পাইওনিয়ার ট্যুরস’ এর গারেথ জনসন বলেছেন, ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ের ২১ বছর বয়সী ছাত্র ওয়ার্মবিয়ার উত্তর কোরিয়া ট্যুরে গিয়ে ২ জানুয়ারিতে আটক হয়েছেন।

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে মার্কিন দূতাবাসের এক কর্মকর্তা এ গ্রেপ্তারের খবরটি জানেন বলে জানিয়েছেন। তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রণালয় এ ব্যাপারে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।

জনসন বলেন, ইয়াং পাইওনিয়ার ট্যুরস ওয়ার্মবিয়ারের পরিবার এবং যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রাখছে।