আইভরি কোস্টে শান্তিরক্ষী কমাবে জাতিসংঘ
পশ্চিম আফ্রিকার দেশ আইভরি কোস্ট থেকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের সেনা সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিয়েছে নিরাপত্তা পরিষদ।
বুধবার ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদে এ সংক্রান্ত একটি প্রস্তাব সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।
পাঁচ বছর আগে গৃহযুদ্ধের মধ্যে পড়া আইভরি কোস্টের পরিস্থিতি এখন অনেকটাই স্থিতিশীল বলে মনে করছে পরিষদ।
সিদ্ধান্ত অনুযায়ী মার্চের মধ্যে দেশটিতে মোতায়েন নীল হেলমেটধারী শান্তিরক্ষীর সংখ্যা ৫ হাজার ৪৩৭ জন থেকে ৪ হাজারে নামিয়ে আনা হবে।
আইভরি কোস্টের প্রেসিডেন্ট আলাসেন ওয়াতারা অক্টোবরে দ্বিতীয় মেয়াদে পাঁচ বছরের জন্য দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। এরপরই নিরাপত্তা পরিষদ দেশটি থেকে শান্তিরক্ষী হ্রাস করা সিদ্ধান্ত নিল।
২০১০ সালের শেষ দিকে আইভরি কোস্টের প্রেসিডেন্ট নির্বাচনে ওয়াতারা বিজয়ী হলেও তৎকালীন প্রেসিডেন্ট ল্যঁরা বাগবো তার জয় মেনে নিতে অস্বীকার করেন। এতে দেশটিতে স্বল্প মেয়াদি একটি গৃহযুদ্ধ শুরু হয়।
এর আগে একদশক ধরে দেশটিতে রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছিল।
পরে জাতিসংঘ ও ফ্রান্সের তত্ত্বাবধানে গৃহযুদ্ধের অবসান হয় এবং ওয়াতারা নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণ করেন। ক্ষমতা গ্রহণের পরবর্তী চার বছরে ওয়াতারা দেশটির অর্থনীতিকে পুনরুজ্জীবিত করেন।
তবে ওয়াতারার বিরুদ্ধে বিচার বিভাগকে ব্যবহার করে বিরুদ্ধবাদীদের দমন ও একই অপরাধে নিজ সমর্থকদের ছাড় দেওয়ার অভিযোগ করেছে মানবাধিকার গোষ্ঠীগুলো।
