২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্যারিস হামলা: মামলার মুখে বেলজিয়াম

ফ্রান্সের রাজধানী প্যারিসে গত নভেম্বরের জঙ্গি হামলাকে কেন্দ্র করে মামলার হুমকিতে পড়েছে বেলজিয়াম।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2016, 08:58 PM

Updated : 11 Oct 2022, 07:37 PM

বিবিসি জানিয়েছে, জিহাদি তৎপরতার বিষয়টি আমলে না নেওয়া এবং নিস্ক্রিয়তার অভিযোগে বেলজিয়াম সরকারের বিরুদ্ধে আদালতে মামলা করার অঙ্গীকার করেছেন প্যারিসে জঙ্গি হামলায় নিহত এক আইনজীবীর মা।

প্যারিসে গতবছর ১৩ নভেম্বর কয়েকটি স্থানে জঙ্গি হামলায় ১৩০ জনের প্রাণ যায়। হামলাকারীদের অধিকাংশই এসেছিল বেলজিয়াম থেকে।

নিহত ১৩০ জনের মধ্যে বাতাক্লাঁ কনসার্ট হলে নিহত হয় ৮৭ জন। তাদের একজন হচ্ছেন সন্ত্রাস-বিরোধী আইনজীবী ভ্যালন্তঁ রিবে(২৬)। রিবে বান্ধবী ইভাও ওই হামলার ঘটনায় গুলিবিদ্ধ হন।

রিবের মা নাদিন রিবে-রেহাঁতের বিশ্বাস, সন্ত্রাসীদের বিরুদ্ধে স্থানীয় কর্তৃপক্ষের আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা উচিত ছিল।

তিনি বলেন, “একে নিষ্ক্রিয়তা বলে। এই ধরনের নিষ্ক্রিয়তার কারণে পরিবারগুলো ধ্বংস হয়ে গেছে এবং অনাগত শিশুরা আর কোনোদিনই পৃথিবীর আলো দেখবে না।”

প্যারিসে হামলার বেশিরভাগ পরিকল্পনাই বেলজিয়ামে হয়েছে বলে ধারণা করা হয়। তাছাড়া, ১৩ নভেম্বরে হামলাকারীরা ফ্রান্সে যাওয়ার আগে তাদের ব্যবহৃত তিনটি গোপন আস্তানাও গত সপ্তাহে খুঁজে পেয়েছে বলে জানিয়েছে বেলজিয়াম কর্তৃপক্ষ।

হামলাকারীরা বেশিরভাগই ছিল বেলজিয়াম-মরোক্কো বংশোদ্ভূত এবং ব্রাসেলসের মোলেনবিক এলাকার।

প্যারিসে হামলার সন্দেহভাজন মূল হোতা আব্দেলহামিদ আবাউদ বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের মোলেনবিক এলাকায় বড় হয়েছেন।এর আগে আবাউদ আরো অন্তত চারবার সন্ত্রাসী হামলার পরিকল্পনা করেন যেগুলো বানচাল হয়ে গেছে বলে দাবি করেছে ফরাসি কর্তৃপক্ষ।

প্যারিস হামলায় নিহত আইনজীবীর মা রিবে-রেহাঁত স্থানীয় একটি টেলিভিশনে বলেন, “এখন সবাই মোলেনবিকের নাম জানে। প্যারিসে হামলার আগে বেলজিয়াম সরকার কি করছিল? পলাতক অভিযুক্তের বিচার? নাকি সন্দেহভাজনদেরকে আটকের নামে প্রহসন?”

“হামলার রাতে সম্পূর্ণ বাধাহীনভাবে ১০ জঙ্গি ফ্রান্সে প্রবেশ করেছে। বেলজিয়াম সরকার তাদের আটকাতে পারত এবং তা করতে পারা উচিত ছিল। মানুষজন মেট্রো বা গাড়িতে যেখানেই ভ্রমণ করুক তাদের সঙ্গে মোবাইল থাকে।”

ন্যায় বিচারের জন্য এবং নিজের ছেলের জন্য রিবে-রেহাঁতে আদালতের শরণাপন্ন হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন তার আইনজীবী।