সিরিয়ার দেইর আল-জোরে ৪শ’ মানুষ অপহৃত
সিরিয়ার দেইর আল-জোর শহরে সরকারের নিয়ন্ত্রণাধীন এলাকাগুলো থেকে অন্তত ৪০০ বেসামরিক নাগরিককে অপহরণ করেছে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিরা।
শনিবার পূর্বের শহর দেইর আল-জোরে হামলা চালায় আইএস।
রোববার ‘দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’ জানায়, যাদের ধরে নিয়ে যাওয়া হয়েছে তাদের মধ্যে সরকারপন্থি যোদ্ধাদের পরিবারের সদস্যরাও রয়েছে।
অবজারভেটরির প্রধান রামি আব্দুলরাহাম বলেন, “তাদের জীবন সত্যিই চরম সঙ্কটে। আইএস তাদের হত্যা করতে পারে। অতীতে যেসব এলাকায় তারা হামলা চালিয়েছে সেখানে তারা এমনটাই করেছে।”
এর আগে সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা (এসএএনএ) জানিয়েছিল, দেইর আল-জোরে হামলার সময় আইএস নারী ও শিশুসহ অন্তত ৩০০ জনকে হত্যা করেছে।
কিন্তু সানার প্রতিবেদনে অপহরণের বিষয়ে কিছু বলা হয়নি।
সিরিয়ার পূর্বাঞ্চলীয় এ প্রদেশটির অধিকাংশ এলাকা আইএসের নিয়ন্ত্রণে রয়েছে, সরকারি বাহিনী শুধু দেইর আল-জোর শহরের কিছু অংশ ও একটি সামরিক বিমানবন্দরে নিয়ন্ত্রণ বজায় রাখতে সক্ষম হয়েছিল।
গত এক বছরেরও বেশি সময় ধরে শহরটির সরকার নিয়ন্ত্রিত এলাকাগুলো অবরোধ করে রেখেছে আইএস জঙ্গিরা। এসব এলাকার প্রায় দুই লাখ বাসিন্দা খাদ্য ও ওষুধের অভাবে মানবেতর জীবনযাপনে বাধ্য হচ্ছে।
অবরোধকারীরা প্রায় প্রতিদিন শহরটিতে হামলা চালানোর চেষ্টা করছে এবং শনিবার বেশ কয়েকটি অঞ্চলে হামলা চালাতে পেরেছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে আইএসের সমর্থকরা জানায়, গোষ্ঠীটি সেনাবাহিনীর একটি অস্ত্র গুদাম এবং কয়েকটি ট্যাঙ্ক দখল করেছে।
তবে এসব প্রতিবেদন স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
অবজারভেটরি আরো জানায়, আইএসের রাজধানী বলে কথিত রাক্কায় অজ্ঞাত যুদ্ধবিমান আটবার হামলা চালিয়ে অন্তত ১৬ জনকে হত্যা এবং ৩০ জনকে আহত করেছে।
