২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিশিগানে পানি দূষণ: জরুরি অবস্থা ঘোষণা ওবামার

যুক্তরাষ্ট্রে মিশিগান অঙ্গরাজ্যের ফ্লিন্ট শহরের পানিতে সীসা দূষণের কারণে জরুরি অবস্থা জারি করেছেন প্রেসিডেন্ট বারাক ওবামা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2016, 07:39 PM

Updated : 12 Apr 2022, 01:14 AM

পুরনো পানির পাইপ থেকে সীসামিশ্রিত পানি সরবরাহ লাইনে ঢুকে পড়ে এ সঙ্কট সৃষ্টি হয়েছে।

বিবিসি’র প্রতিবেদনে বলা হয়, রাজ্য ব্যবস্থাপনায় অর্থ বাঁচাতে ২০১৪ সালে ডেট্রয়েট থেকে পানি নেওয়া বন্ধ করে ফ্লিন্ট নদী থেকে পানি সরবরাহ শুরুর পর থেকেই এ পানি দূষণ ঘটেছে।

জরুরি অবস্থা জারির ফলে শহরটির জন্য কেন্দ্রীয় সরকারের তহবিল থেকে ৫০ লাখ ডলার সরবরাহ করা হবে। এর আগে এ সপ্তাহের শুরুতে রাজ্য গভর্নর রিক স্নাইডার পানিদূষণের কারণে কেন্দ্রের কাছে ৩ কোটি ১০ লাখ ডলার সহায়তা চান।

তিনি বলেন, ‘শহরের প্রায় একলাখ মানুষকে পানি দেওয়ার জন্য এ সহায়তা দরকার।’ একইসঙ্গে বিপর্যয় ঘোষণারও দাবি জানান তিনি। তবে প্রাকৃতিক দুর্যোগ না হওয়ায় সে আবেদনে সাড়া না দিয়ে ওবামা  জরুরি অবস্থা জারি করে ৫০ লাখ ডলার সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন।

ফ্লিন্টের অধিবাসীরা সঙ্কটের শুরু থেকেই ঘোলাটে, দুর্গন্ধময় পানি, মাথাব্যাথা ও গায়ে র‌্যাশ ওঠার অভিযোগ করেছে।

এর পরিপ্রেক্ষিতে গত বছর অক্টোবরে পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে শহরের কলে সরবরাহ করা পানি এমনকি শিশুদের রক্তেও বেশি মাত্রায় সীসার উপস্থিতি ধরা পড়ে।

স্থানীয় কর্মকর্তারা একে জনস্বাস্থ্যের জন্য জরুরি অবস্থা বলে ঘোষণা করেন।

রক্তে অতিরিক্ত সীসার কারণে শিশুদের মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয়। যার ফলে তাদের শিক্ষণ ক্ষমতা কমে যাওয়ার পাশপাশি আচরণগত সমস্যাও দেখা দিতে পারে।

এ পরিস্থিতিকে ‘সঙ্কট’ অভিহিত করে গত সপ্তাহে ফ্লিন্টে জরুরি অবস্থা জারি করেন রাজ্য গভর্নর রিক স্নাইডার।

পানি দূষণ সঙ্কটে শহরের অধিবাসীদেরকে বোতলের পানি ও ফিল্টার সরবরাহ করার জন্য ন্যাশনাল গার্ডও মোতায়েন করেন তিনি।